বোলিং নিয়ে উদ্বিগ্ন মিসবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিততে না পারলেও প্রথম ম্যাচেই পাকিস্তানকে একটা সংকেত দিয়েছিলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা। ৩২২ রান তাড়া করে শ্রীলঙ্কা তুলে ফেলেছিল ৩১১ রান। আর পরশু দ্বিতীয় ম্যাচে যখন শ্রীলঙ্কা ২৮৪ তাড়া করে জিতল ২ উইকেটে, বোলিংটা পাকিস্তানের উদ্বেগের কারণ তো হচ্ছেই। ম্যাচ শেষে কোনো রাখঢাক না রেখে বোলিং নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়ে দিলেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক, ‘শেষের দিকের বোলিং আমাদের জন্য একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সিরিজ জিততে চাইলে এই দিকটায় আমাদের মনোযোগী হতে হবে।’
শেষ ১০ ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার দরকার ছিল ৮৫ রান। ৫ উইকেট খুইয়ে বসা শ্রীলঙ্কার জন্য কাজটা কঠিনই হয়ে পড়েছিল। কিন্তু অ্যাঞ্জেলো ম্যাথুস (৪৪ বলে ৪৭) এবং নুয়ান কুলাসেকারার (২৬ বলে ৩২*) কল্যাণে ২ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা। যে বোলিংটা গর্বের জায়গা ছিল পাকিস্তানের, সেটিই তাদের হাত থেকে ছিটকে দিল ম্যাচটিকে। মিসবাহ ‘মিস’ করছেন চোটের কারণে দলের বাইরে থাকা দুই স্ট্রাইক বোলার মোহাম্মদ ইরফান ও উমর গুলকে, ‘আমাদের বোলিং অনভিজ্ঞ। ইরফানের পাশাপাশি আমরা গুলেরও অভাব অনুভব করছি।’
মিসবাহ যখন বোলারদের দুষছেন, শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসের মুখে দলের মিলিত প্রচেষ্টার জয়গান, ‘জয়ের জন্য কঠোর পরিশ্রম করেছি আমরা। কমবেশি সবারই অবদান আছে।’
শ্রীলঙ্কার জয় দুবাইয়ে ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল পাকিস্তানের—২৭৫ (২০১০, বিপক্ষ দক্ষিণ আফ্রিকা)। সেঞ্চুরি ও ক্যারিয়ার-সর্বোচ্চ ১২৪ করেও দলকে জেতাতে না পারায় আহমেদ শেহজাদের হতাশার দিনে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন কুমার সাঙ্গাকারা।
সিরিজের তৃতীয় ওয়ানডে আজই, শারজায়। এএফপি ও ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান: ৫০ ওভারে ২৮৪/৪ (শেহজাদ ১২৪, মিসবাহ ৫৯*, হাফিজ ৩২, আফ্রিদি ৩০*; প্রসন্ন ১/৪৫, কুলাসেকারা ১/৫৬, মালিঙ্গা ১/৭৮)।
শ্রীলঙ্কা: ৪৯.৪ ওভারে ২৮৭/৮ (সাঙ্গাকারা ৫৮, ম্যাথুস ৪৭, চান্ডিমাল ৪৪, দিলশান ৪০, কুলাসেকারা ৩২; জুনাইদ ৩/৫২, আফ্রিদি ২/৪৬, আজমল ১/৪৪)।
ফল: শ্রীলঙ্কা ২ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথুস।
ওয়ানডের শীর্ষ পাঁচ
ম্যাচ ইনিংস রান সেরা গড় ১০০/৫০
শচীন টেন্ডুলকার ৪৬৩ ৪৫২ ১৮৪২৬ ২০০* ৪৪.৮৩ ৪৯/৯৬
রিকি পন্টিং ৩৭৫ ৩৬৫ ১৩৭০৪ ১৬৪ ৪২.০৩ ৩০/৮২
সনাৎ জয়াসুরিয়া ৪৪৫ ৪৩৩ ১৩৪৩০ ১৮৯ ৩২.৩৬ ২৮/৬৮
কুমার সাঙ্গাকারা ৩৫৯ ৩৩৬ ১২০২৯ ১৬৯ ৪০.২৩ ১৬/৮২
ইনজামাম-উল-হক ৩৭৮ ৩৫০ ১১৭৩৯ ১৩৭* ৩৯.৫২ ১০/৮৩