
শেষ চারে জায়গা পেতে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের আজকের ম্যাচটা যেন অঘোষিত কোয়ার্টার ফাইনাল। সেমিফাইনালের টিকিট পেতে হলে আজ জয় ছাড়া অন্য বিকল্প নেই কোনো দলের হাতে। শক্তির পাল্লায় দুই দলই প্রায় সমান, তবে আমি শ্রীলঙ্কাকে একটু এগিয়ে রাখব তাদের বোলিং-বৈচিত্র্যের কারণে। শেষ চারেও তাদের আগেই জায়গা নিশ্চিত করতে পারত, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটা ‘হেলস-ঝড়’ সব লন্ডভন্ড করে দিয়েছে।
মিরপুরের চেয়ে চট্টগ্রামের উইকেটও বেশ আলাদা। সেখানে বল অনেক ভালো ব্যাটে আসছে, ব্যাটসম্যানরাও লাইনে গিয়ে খেলতে পারছে। এ কারণেই চট্টগ্রামে প্রায় সব ম্যাচেই বড় স্কোর হচ্ছে এবং সেটা দলগুলো তাড়াও করছে। ঠিক এ কারণেই আমার মনে হয়, শ্রীলঙ্কা একটু এগিয়ে থাকলেও এমন কন্ডিশনে নিউজিল্যান্ডেরও বেশ ভালো সুযোগ আছে। শিশির চট্টগ্রামে খুব বড় সমস্যা হয়ে দেখা দিচ্ছে। ফলে টসে জিতে দলগুলো পরে ব্যাটিং নিচ্ছে এবং ১৮০-১৯০ রানও সেখানে নিরাপদ দেখাচ্ছে না।
আমি নিশ্চিত আজকের ম্যাচেও যে দলই টস জিতুক, আগে ব্যাট করার চেয়ে তাড়া করতেই বেশি পছন্দ করবে।
এখন পর্যন্ত নিউজিল্যান্ড খুব গোছানো ক্রিকেট খেলেছে। যদিও ইংল্যান্ডের সঙ্গে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটা জেতার জন্য তারা ভাগ্যকে ধন্যবাদ দিতে পারে। ডাকওয়ার্থ-লুইসে না জিতলে ১৭০ তাড়া করা সম্ভবত খুব কঠিন হতো তাদের জন্য। টি-টোয়েন্টির জন্য মানানসই বেশ কয়েকজন ব্যাটসম্যান আছে নিউজিল্যান্ডের। ছন্দে থাকা ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর কিংবা কোরি অ্যান্ডারসন একাই যেকোনো ম্যাচ বের করে নিয়ে যেতে পারে। গাপটিল আর উইলিয়ামসনের ওপেনিং জুটিটাও দারুণ। গাপটিল ধরে খেলে আর একদিকে উইলিয়ামসন থাকে খুবই আগ্রাসী। এ দুজনের দুর্দান্ত শুরু বড় স্কোরের জন্য মিডল অর্ডারের কাজটা সহজ করে দিতে পারে। তবে নিউজিল্যান্ডের ওই রকম খুনে পেসার নেই, আবার প্রতিপক্ষকে চাপে ফেলার মতো ও রকম স্পিন-বৈচিত্র্যও নেই।
এখানেই শ্রীলঙ্কা এগিয়ে। কুলাসেকারা, মালিঙ্গা, মেন্ডিস, হেরাথ, সেনানায়েকে, ম্যাথুস, পেরেরা—ওদের হাতে বিকল্পের অভাব নেই। তবে শ্রীলঙ্কার ব্যাটিং অনেকাংশেই জয়াবর্ধনে ও সাঙ্গাকারার ওপর নির্ভরশীল। ধীর ওভার রেটের কারণে নিষিদ্ধ অধিনায়ক চান্ডিমালের অভাববোধ করবে ওরা। তার না থাকাটা শ্রীলঙ্কান মিডল অর্ডারে শক্তি কিছুটা কমিয়ে দিয়েছে। এদিকে দিলশানও ছন্দে নেই। বড় স্কোর গড়তে হলে আজ জয়াবর্ধনে-সাঙ্গাকারার সঙ্গে দিলশান, পেরেরা, ম্যাথুসদের একজনকে জ্বলে উঠতে হবে। শ্রীলঙ্কান ব্যাটসম্যানরা সেটা করতে পারলে প্রতিপক্ষ বিশাল চাপে পড়ে যাবে।
ইংল্যান্ড-হল্যান্ডের মধ্যে এই গ্রুপের অন্য ম্যাচটা নিয়ে এখন আর খুব আগ্রহ নেই কারও। তবে হল্যান্ডের জন্য একটা বাড়তি প্রেরণা থাকতেও পারে। বছর পাঁচেক আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ওরা হারিয়ে দিয়েছিল ইংল্যান্ডকে। আজও হল্যান্ড চাইবে সেটার পুনরাবৃত্তি করতে।