বোলিংয়ে সমস্যা দেখছেন মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়াস বিষয়েও একটু দুষ্টুমি করবেনই নাসির হোসেন। জাতীয় দলের খেলোয়াড় হয়েও ‘এ’ দলে গিয়ে এত সিরিয়াস কেন প্রশ্নে কাল দুষ্টুমির হাসি হেসে বললেন, ‘আমি “এ” দলে খেলেছি না! “এ” দলের বাতাস তো আমার গায়েও লেগে গেছে! সিরিয়াস তো আমিও ছিলাম।’
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গত চার দিনে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনটিতেই মুশফিকুর রহিমের জাতীয় দল হেরে গেল নাসিরের ‘এ’ দলের কাছে। এই সাফল্যের রহস্য কী জানতে চাইলে এর আগে তিনিই বলেছিলেন, ‘জাতীয় দলের খেলোয়াড়েরা “এ” দলের সঙ্গে খেলায় একটু রিল্যাক্সড থাকে। ভেতর থেকে চেষ্টাটা আসে না বা চাইলেও দিতে পারে না। আর “এ” দলে যারা খেলে তারা সেরাটা দিতে এক শ ভাগ চেষ্টা করে। চেষ্টা করে ভালো খেলে জাতীয় দলে আসতে।’ জাতীয় দলের প্রতিনিধি হয়েও ‘এ’ দলের এই বাতাসে নাসিরও থাকলেন দারুণ সিরিয়াস। জাতীয় দলের খেলোয়াড় বলে আয়েশে গা ভাসালেন না।
নিউজিল্যান্ডকে বাংলাদেশ হোয়াইটওয়াশ করলে সেটা হয় ‘বাংলাওয়াশ’। জাতীয় দলকে ‘এ’ দলের হোয়াইটওয়াশও ড্রেসিংরুমে একটা নাম পেয়েছে—‘এ ওয়াশ’। আর এই ‘এ ওয়াশ’ জাতীয় দলের অধিনায়ক মুশফিককে বেশ বিব্রতই করেছে মনে হলো। কাল সিরিজের শেষ ম্যাচের পর বলছিলেন, ‘আমরা আপসেট। “এ” দল হোক আর যে দলই হোক, মানুষ জেতার জন্যই খেলে। আমরা যেভাবে তিনটা ম্যাচে হেরেছি, বলতে পারেন একপেশে খেলা হয়েছে। এটা আমাদের জন্য অবশ্যই বড় চিন্তার বিষয়।’ তবে ‘এ’ দলেও জাতীয় দলের খেলোয়াড় থাকাটা অধিনায়কের একটা সান্ত্বনা।
ব্যাটিং নিয়ে সন্তুষ্ট হলেও বোলিংটা চিন্তার ভাঁজ ফেলছে মুশফিকের কপালে, ‘বলতে পারেন একটাই চিন্তা হচ্ছে, সেটা আমাদের বোলিং নিয়ে। আমরা চেয়েছিলাম উইকেটটা যেন একটু বেশি ফ্ল্যাট হয়, বোলাররা যাতে চাপে থাকে। তার পরও যত কম রান দেওয়া যায়, আমরা সেটাই প্র্যাকটিস করতে চেয়েছিলাম। এ জায়গায় দেখা যাচ্ছে আরও কিছু করতে হবে। ইয়র্কার, বাউন্সারে ভালো করতে হবে, প্রথম ছয় ওভার এবং ডেথ বলেও আরেকটু কাজ করা দরকার।’
সিরিজ হারলেও একটা উদ্দেশ্য ভালোই পূরণ হয়েছে বলে মনে করেন মুশফিক। জাতীয় দলের ক্রিকেটারদের বাইরেও এই সিরিজে পারফরমার পাওয়া গেছে অনেক। নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব নেওয়া ফারুক আহমেদের চোখেও ধরা পড়েছে ব্যাপারটা। জাতীয় দলের বাইরের খেলোয়াড়দের মধ্য থেকে যে সাব্বির আহমেদের মতো কেউ কেউ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় ভালোভাবেই থাকবেন, সেটাও তিনি বলে দিয়েছেন।
তবে অধিনায়কের সঙ্গে একটা জায়গায় দ্বিমত করলেন আজ আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে যাওয়া ফারুক, ‘আমার মনে হয়েছে জাতীয় দলের ব্যাটিংয়ে পরিকল্পনা কম ছিল।’
জাতীয় ও ‘এ’ দলের মধ্যে তিন ম্যাচের সিরিজটা হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখেই। প্রধান নির্বাচক আভাস দিলেন, এ রকম টুর্নামেন্ট হতে পারে আরও, ‘বোর্ড চেষ্টা করছে জাতীয় লিগের আগে এ ধরনের আরও টুর্নামেন্ট করা যায় কি না। প্রাথমিক চিন্তা আছে। আরেকটা টুর্নামেন্ট হলে খারাপ হয় না।’