বোলিংয়ের অর্জন ব্যাটিংয়ে বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দিন শেষে ম্যাচের লাগাম ছিল রাজশাহীর হাতে। দ্বিতীয় দিন শেষেও তাই। পার্থক্য হলো, প্রথম দিনটি পুরোটাই ছিল রাজশাহীর। কাল বোলারদের সৌজন্যে অভাবনীয়ভাবে ম্যাচে ফিরেছিল খুলনা। কিন্তু আরেক দফা ব্যাটিং-ব্যর্থতায় নিয়ন্ত্রণ তো হারিয়েছেই, দুবারের চ্যাম্পিয়নদের চোখ রাঙাচ্ছে পরাজয়। আর টানা চতুর্থ শিরোপার সুবার পাচ্ছে রাজশাহী। দিন শেষে ফুরফুরে মেজাজে থাকা রাজশাহীর ক্রিকেটাররা ড্রেসিংরুমের সামনে খুনসুটিতে মেতে উঠল নিজেদের মধ্যে। আর ড্রেসিংরুমে বদ্ধদুয়ার খুলনা! জুনায়েদ সিদ্দিক অবশ্য তবু সতর্ক, ‘নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই আমাদের যে ওদের এত রানের মধ্যে আটকাতে হবে। উইকেট ব্যাটিং-সহায়কই। এই জুটিটা (আনামুল-তাপস) খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই কাল (আজ) সকালেই এই জুটিটা ভাঙতে, এরপর বাকি উইকেটগুলো দ্রুত তুলে নিতে। এরপর দেখা যাক।’আরেকটি শিরোপার হাতছানি দেখার দিনটি অবশ্য হতাশা বয়ে এনেছে জুনায়েদের জন্য। ৫ রানের জন্য সেঞ্চুরি পাননি, কষ্টটা ভুলতেই পারছিলেন না, ‘আমি খুবই হতাশ। আমার ছোট বোনটাকে কথা দিয়েছিলাম সেঞ্চুরি করব। সঙ্গে করে একটা কাগজও নিয়ে এসেছিলাম, সেঞ্চুরি করলে দেখাব। সেঞ্চুরিটা ওকে উৎসর্গ করা হলো না। তা ছাড়া বেশ কিছুদিন আমি জাতীয় দলের বাইরে। জাতীয় লিগের ফাইনালে বড় কিছু করলে অবশ্যই সবার নজরে পড়ত।’জুনায়েদ ও ফরহাদ হোসেন যখন উইকেটে ছিলেন, মনে হচ্ছিল বড় লিড পেয়ে যাবে রাজশাহী। আগের দিনই দুজনের অবিচ্ছিন্ন জুটিতে এসেছিল ১৩০ রান। কাল যেন সেখান থেকেই শুরু করছিলেন দুজন। উইকেট কতটা ব্যাটিং-বান্ধব, এটা ফুটে উঠেছে এই জুটির ব্যাটিংয়ের সময়। কোনো বোলারই অস্বস্তিতে ফেলতে পারেনি এই দুজনকে। এবারের লিগে দ্বিতীয় সেঞ্চুরিটা যখন একটা শটের দূরত্ব, হঠাৎ জুনায়েদের ভুল। পার্টটাইম অফ স্পিনার তুষার ইমরানের একটি সোজা বল স্পিন করে বেরিয়ে যাবে ভেবে ছেড়ে দিলেন, বোল্ড! দুজনের ১৭৩ রানের জুটি তৃতীয় উইকেটে এবারের লিগে সর্বোচ্চ।কিছুক্ষণ পরই জুনায়েদকে অনুসরণ ফরহাদের, রাজ্জাককে জায়গায় দাঁড়িয়ে খেলে কটবিহাইন্ড। রাজশাহীর মড়কের শুরু। ৬৫ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে তারা। এক জুটিতেই এসেছে ১৭৩, বাকি সব জুটি মিলিয়ে ৮৫! জুনায়েদের ফেরার পর দ্রুত ৪ উইকেট নিয়ে সফলতম বোলার আবদুর রাজ্জাক, তবে প্রচণ্ড গরম ও প্রতিকূল উইকেটে নিজেকে উজাড় করে বোলিং করেছেন তরুণ পেসার আল আমিন হোসেনও। তবে বোলিংয়ের প্রাপ্তি মিলিয়ে যেতে সময় লাগেনি খুলনার। ফরহাদ-জুজুতে আক্রান্ত হয়ে পেয়ার পেয়েছেন সৌম্য সরকার। প্রথম ইনিংসেও প্রথম ওভার করেছিলেন অফ স্পিনার ফরহাদ, বাঁহাতি সৌম্য শূন্য রানে এলবিডব্লু হয়েছিলেন তৃতীয় বলে। কালও শূন্য রানে এলবিডব্লু, এবার প্রথম বলেই! তবে দ্বিতীয় উইকেটে দারুণ খেলছিলেন ওপেনিংয়ে উঠে আসা জিয়াউর রহমান ও তিনে নামা ইমরুল কায়েস। প্রথম ইনিংসে ৪৬ রানের ঘাটতি খুলনা ঢেকে দেয় এই দুজনের জুটিতেই। দ্বিতীয় উইকেট জুটিতে যখন বড় কিছুর ইঙ্গিত, তখনই দুজন দলকে ডোবালেন বাজে আউট হয়ে। সাকলাইন সজীবের প্রথম ওভারেই বোলারের মাথার ওপর দিয়ে দারুণ একটি ৪ জিয়াউরের। ঝুলিয়ে দেওয়া পরের বলটি স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড! সাকলাইনের পরের ওভারেই হঠাৎ ৬ মারার খায়েশ হলো দারুণ খেলতে থাকা ইমরুলের, লংঅনে ক্যাচ। আরেক বাঁহাতি স্পিনার সানজামুল তুলে নিলেন তুষার ও মিঠুনকে। আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান আনামুল ও তাপস ঘোষ পার করে দিয়েছেন দিনের বাকিটা।৫ উইকেট হাতে নিয়ে লিড মাত্র ৮৯, পাঁচ দিনের ম্যাচ চতুর্থ দিনে গড়ালে সেটা হবে বিস্ময়। এর চেয়েও বড় বিস্ময়, এমন ব্যাটিং উইকেটে কীভাবে ভুগছে দুই দলের ব্যাটসম্যানরাই!