বোলিংয়ের দিকেই তাকিয়ে বাংলাদেশ
খেলাটা স্নায়ুচাপের। তবে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে ক্রিকেটারদের চেয়ে বেশি স্নায়ুচাপে বুঝি কিউরেটররাই ভুগছেন! সিরিজটা যখন ঢাকায় ছিল, আলোচনায় ছিল কেবলই উইকেট। চট্টগ্রামে সে আলোচনা কিছুটা স্তিমিত বটে। তার পরও প্রথম টেস্টের আগে একটু কি ‘টেনশন’ ছড়াচ্ছে না জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেটও?উইকেট নিয়ে এখন আর মুখ খুলতে রাজি হন না বিসিবির কিউরেটররা। হয়তো আস্থার সঙ্গে ভালো কিছু শোনাতে পারবেন না বলেই। চট্টগ্রামের উইকেটের কথাই ধরুন। সর্বশেষ গত ১ ডিসেম্বরও এখানে জাতীয় লিগের খেলা হয়েছে। এরপর ৬ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং আজ শুরু হয়ে যাচ্ছে প্রথম টেস্টও। দুই ভাগে মাঝের যে কয়টা দিন সময় পাওয়া গেল, ভালো উইকেটে বানানোর জন্য তা কি যথেষ্ট? ‘উইকেট কেমন দেখলেন’ প্রশ্নে বাংলাদেশ কোচ স্টুয়ার্ট ল যতই বলুন, ‘ভালো উইকেট, ভালো উইকেট...উইকেট সব সময়ই ভালো’, এই একটা জিনিস নিয়ে ভবিষ্যদ্বাণী করা বাংলাদেশে বড্ড ঝুঁকিপূর্ণ।অথচ টেস্ট সিরিজে ওয়ানডের হতাশা ভুলতে উইকেটের চরিত্র বোঝা বাংলাদেশ দলের জন্য খুবই জরুরি। বিশেষ করে দুই টেস্টের সিরিজটা যখন বাংলাদেশ শুরু করছে বোলারদের দিকে তাকিয়ে। টি-টোয়েন্টি আর ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রাপ্তি বলতে তো বোলারদেরই সাফল্য! কাল বাংলাদেশ ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসও বলেছেন বোলারদের কাছে প্রত্যাশার কথা, ‘আমরা ওয়ানডে সিরিজে যথেষ্ট ভালো বোলিং-ফিল্ডিং করেছি। ওখান থেকে অনুপ্রেরণা নিতে পারি। এটা ঠিক, আমরা প্রত্যাশানুযায়ী ভালো ব্যাটিং করিনি। কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যানদেরও তো রান করতে অনেক কষ্ট হয়েছে।’টেস্ট শুরুর আগে এই চিন্তাটা আছে পাকিস্তান দলের মধ্যেও। উইকেট আর ওয়ানডেতে বাংলাদেশের বোলিং মিলিয়ে একটু সতর্কই মনে হলো ব্যাটসম্যান ইউনুস খানকে। তবে তিনি আশাবাদী, উইকেট বুঝতে সমস্যা হবে না খুব একটা, ‘টেস্টে উইকেট কেমন হবে, সেটা এখনো বুঝতে পারছি না। তবে এটা যেহেতু টেস্ট ক্রিকেট, এখানে উইকেট বোঝার জন্য অনেক সময় পাওয়া যায়। আশা করি, সমস্যা হবে না।’ব্যাটিং ভালো না হলেও ওয়ানডে সিরিজ তো জিতেছে পাকিস্তানই! টেস্টের আগে সেটাও একটা প্রেরণা পাকিস্তানের, ‘প্রতিটি ম্যাচই নতুন চ্যালেঞ্জ। ব্যাটিংয়ে তেমন একটা ভালো করতে না পারলেও দিন শেষে জয় আমাদেরই হয়েছে। এটা একটা আত্মবিশ্বাসের জায়গা।’ আর সেই আত্মবিশ্বাস থেকে টেস্ট সিরিজেও জিততে চায় পাকিস্তান।শাহরিয়ার নাফীস অত বড় লক্ষ্যের কথা বলেননি। তবে হাবভাবে বুঝিয়ে দিলেন, হতাশা ছাড়ানো এই সময়টাতেও ভালো কিছুর স্বপ্ন তাঁদেরও আছে, ‘আমরা অবশ্যই ইতিবাচক ফলাফলই আশা করছি। এই মাঠেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টটা পাঁচ দিনে গিয়েছিল। সম্প্রতিক সময়ে খুব বেশি টেস্ট কিন্তু পাঁচ দিনে যাচ্ছে না। চতুর্থ দিনেই ফলাফল হয়ে যায়।’ তবে টেস্ট কত দিন পর্যন্ত যাবে, সেটার চেয়ে শাহরিয়ারের কাছে গুরুত্বপূর্ণ দুই ইনিংসের ব্যাটিং, ‘আমাদের দুই ইনিংসেই বড় রান করতে হবে, যেন বোলাররা কিছু করার সুযোগ পায়। এটা অসম্ভব কিছু না। আমরা আগেও তা করেছি, এখনো করতে পারি।’অতীত থেকে আরও একটা অনুপ্রেরণা নিতে চান শাহরিয়ার। ঘুরে দাঁড়াতে চান বাজে সময়ের চক্রেই, ‘বাংলাদেশ দল পিছিয়ে গেলেও খুব ভালোভাবে ফিরে আসতে পারে। বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচের পরের দুই ম্যাচেই আমরা ভালোভাবে ফিরে এসেছি। সবাই চেষ্টা করবে তাদের সেরা খেলাটা খেলতে।’যদি তা-ই হয়, এই সিরিজে শাহরিয়ারদের জন্য সবচেয়ে বড় প্রেরণার নাম হতে পারে ২০০৩-এর মুলতান টেস্ট। অল্পের জন্য জয় হাতছাড়া হয়ে যাওয়া সেই টেস্টের পর আজকেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ, যে টেস্টের কথা মনে আছে ইউনুস খানেরও। তবে মুলতান টেস্টের কথা মনে করে নয়, এই সিরিজে বাংলাদেশের কাছ থেকে এমনিতেই প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন তিনি, ‘বাংলাদেশের কাছে আমরা সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বিতাই আশা করছি। টি-টোয়েন্টি আর ওয়ানডেতে সংগ্রাম করলেও টেস্ট ক্রিকেট একেবারেই অন্য খেলা। এখানে ভুল শোধরানোর সময় পাওয়া যায়। তারা পরিস্থিতি অনুযায়ী খেলতে পারলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে।’আজ থেকে শুরু প্রথম টেস্টে তাই বাংলাদেশেরও সম্ভাবনা দেখছেন ইউনুস খান। কিন্তু সেই সম্ভাবনা কতটুকু টেনে নিয়ে যেতে পারবে মুশফিকুর রহিমের দল?