বোলিংয়ের পর রবিউলের ‘ব্যাটিং’
প্রথম ইনিংসে বল করেছেন ৩৮ ওভার। এরপর ২৪ ঘণ্টা সময়ও পেলেন না। কাল লাঞ্চের পর পরই বল হাতে নিতে হয়েছে আবারও। তাতে রবিউল ইসলামের ক্ষিপ্রতা কমল না একটুও। বরং টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়ে হারারের কালকের দিনটাকে করে রাখলেন স্মরণীয়।নিজের পারফরম্যান্সে দিন শেষে তাই খুশি বাংলাদেশ দলের এই পেসার, ‘উচিত ছিল প্রথম ইনিংসেই ৫ উইকেট নেওয়া। তখন উইকেটে আরও বেশি সাহায্য পেয়েছি। তার পরও প্রথমবারের মতো ৫ উইকেট পেয়ে ভালো লাগছে।’ ব্যাটিং ব্যর্থতার টেস্টে রবিউলই যা একটু আনন্দের উপলক্ষ দিয়েছেন দলকে। ব্যাটসম্যানদের হয়ে ব্যাট করলেন কাল দিন শেষেও, ‘আমি বলব না যে আমাদের ব্যাটসম্যানরা বাজে ব্যাটিং করেছে। ওরা ভালোই খেলেছে। এক-দুজন ভুল করলেও বেশির ভাগ ব্যাটসম্যান ভালো বলে আউট হয়েছে।’প্রথম ইনিংসে ব্যর্থ ব্যাটসম্যানদের কাছেই দ্বিতীয় ইনিংসে আরও বড় প্রত্যাশা রবিউলের। জিম্বাবুয়ের লিডটা কালই ৪৪২ হয়ে গেলেও দিন শেষের সংবাদ সম্মেলনে বললেন, ‘কাল (আজ) সকালে ওদের তাড়াতাড়ি অলআউট করতে পারলে জিম্বাবুয়ের লিড হয়তো ৪৮০-এর মতো হবে। সে ক্ষেত্রে দেড় দিনের মতো সময় থাকবে আমাদের হাতে। এর মধ্যেও জেতা সম্ভব। হয়তো কষ্ট হবে, কিন্তু ব্যাটসম্যানরা ভালো ব্যাট করলে এখনো জেতা সম্ভব।’রবিউল অসাধ্য সাধনের কথাই বললেন আসলে। তবে বাংলাদেশ দলেও যদি হঠাৎ করে একজন ব্রেন্ডন টেলর চলে আসেন, তাহলে ভিন্ন কথা। পর পর দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়েকে বাঁচালেন তো তিনিই! সংবাদ সম্মেলনে টেলরের সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানদের পার্থক্যের কথা জানতে চাইলেন স্থানীয় এক সাংবাদিক। রবিউল এবার আর খুব বেশি সমর্থন দিতে পারলেন না সতীর্থ ব্যাটসম্যানদের, ‘আমরা ভালো বল করেছি। তার পরও টেলর টিকে আছে। ও আসলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছে নিজের ব্যাটিংটা। আমাদের ব্যাটসম্যানরা সেটা চেষ্টা করলেও পারেনি।’খাদের কিনারে দাঁড়িয়ে রবিউল যে রকম জয়ের স্বপ্ন দেখালেন, সম্ভাব্য জয়ের সামনে দাঁড়িয়েও অতটা সাহস দেখাননি জিম্বাবুয়ের দুই পেসার জার্ভিস ও শিঙ্গি মাসাকাদজা। কথাবার্তায় জার্ভিস বরং অনেক সতর্ক, ‘অধিনায়ক টেলরের সামনে জোড়া সেঞ্চুরির একটা মাইলফলক আছে। সেটা পার হয়ে গেলে লিডটাও ৪৫০-এর বেশি হবে। তখন আমরা ইনিংস ঘোষণা করে দেব। আমার আশাবাদী, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে এই রানে আটকাতে পারব।’হারারে টেস্টে কে জিতবে—সেই প্রশ্ন এখন প্রায় নেই-ই বলা চলে। প্রশ্ন একটাই—টেস্টটাকে পঞ্চম দিনে নিতে পারবে তো বাংলাদেশ?