বোল্ট-আগুয়েরোর এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্জিও আগুয়েরো বোল্টকে শিখিয়েছেন ফুটবল, উসাইন বোল্ট তাঁকে বাতলে দিয়েছেন দ্রুতবেগে দৌড়ানোর টোটকা। পরশু ম্যানচেস্টারে  ওয়েবসাইট
সার্জিও আগুয়েরো বোল্টকে শিখিয়েছেন ফুটবল, উসাইন বোল্ট তাঁকে বাতলে দিয়েছেন দ্রুতবেগে দৌড়ানোর টোটকা। পরশু ম্যানচেস্টারে ওয়েবসাইট

উসাইন বোল্ট কি তাহলে গুপ্তচরবৃত্তি করতে গিয়েছিলেন? সর্বকালের দ্রুততম মানব ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত। তাঁর ইউনাইটেড-প্রীতিটা বহুবিজ্ঞাপিত। এমনকি রেড ডেভিলদের জার্সি গায়ে একটা প্রীতি ম্যাচে মাঠেও নেমেছিলেন। কাল আবার ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি সিটি-ইউনাইটেড। তার আগে কিনা বোল্ট পরশু অনুশীলন করলেন সিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর সঙ্গে!
অনুশীলন না বলে ঘাম ঝরানোই বলা উচিত। দুজন বিস্তর দৌড়েছেন, ফুটবলও খেলেছেন। তাতে আগুয়েরোর লাভটা নিশ্চয়ই বেশি। কীভাবে নিজের গতিটা আরও বাড়ানো যায়, সেই পরামর্শটা পেয়েছেন বোল্টের কাছ থেকে। বোল্ট অবশ্য বলে লাথিও মেরেছেন, পাস-টাস দেওয়ারও চেষ্টা করেছেন। তা কেমন করেছেন বোল্ট? আগুয়েরো জানালেন, ‘সে শুরুতে খুবই বাজে খেলছিল, কিন্তু যখন সে ভালোমতো খেলা শুরু করল, তখন কিছু কারিকুরি দেখিয়েছে।’ আর্জেন্টাইন স্ট্রাইকার রসবোধের প্রমাণও দিলেন, ‘সে সিটির হয়ে খেলার জন্য যথেষ্ট ভালো নয়। কিন্তু ইউনাইটেডের দলে সুযোগ পাওয়ার ভালো সম্ভাবনা তার আছে।’
কিন্তু বোল্ট আসলে কী করার চেষ্টা করছিলেন? স্বীকার করেছেন, শুরুতে আগুয়েরোকে খাটিয়ে মারতে চেয়েছিলেন। সে জন্যই অমন এলোমেলো কিক করছিলেন বলে। কিন্তু ‘অপচেষ্টা’টা শেষমেশ সফল হয়নি। বোল্ট ডালে ডালে চললে ধুরন্ধর আগুয়েরো চলেছেন পাতায় পাতায়! ফার্ডিনান্ড, ভিদিচদের জন্য একটা সতর্কবার্তাও দিয়েছেন বজ্রবিদ্যুৎ, ‘সার্জিও ইউনাইটেডকে বেশ কয়েক বছর ধরেই ভুগিয়ে যাচ্ছে। সে জন্যই ভাবলাম ওকে একটু খাটিয়ে নিলে রোববারের ম্যাচের আগে একটু বেশি ক্লান্ত হবে। কিন্তু দেখা যাচ্ছে সে ভালোই ফিট। আমাকে বলতেই হবে আমি তাকে দেখে মুগ্ধ হয়েছি। তাকে খোলসবন্দী করে রাখার চেষ্টা করতে হবে ইউনাইটেডকে। আমি নিশ্চিত তারা সেটা পারবে এবং ৩ পয়েন্ট পাবে।’
বোল্টের আশা সত্যি হচ্ছে কি না সেটা কালই জানা যাবে। অপেক্ষা থাকবে আগুয়েরোর গতি বাড়ল কি না সেটা দেখারও! ওয়েবসাইট।