বোল্ট এখনো বিস্মিত

তাঁর নিজ দেশের সতীর্থ। একসময় ১০০ মিটারে রেকর্ডের রাজত্বটা উসাইন বোল্টের আগে ছিল তাঁরই দখলে। সেই আসাফা পাওয়েল আজ কঠিন সময়ের বাক্সে বন্দী। ডোপ পাপের কলঙ্ক পড়েছে তাঁর গায়ে। এর চেয়ে কঠিন সময় একজন অ্যাথলেটের আর হতে পারে না। এই ঘোরতর দুঃসময়ে পাওয়েলের পাশে এসে দাঁড়ালেন বোল্ট।
শুধু সংবাদমাধ্যমে নয়, পাওয়েলকে প্রয়োজনীয় প্রেরণা-বার্তা বোল্ট দিয়েছেন সরাসরি, মুঠোফোনে বার্তা আদান-প্রদানের সময়। লন্ডনে ডায়মন্ড লিগ মিট জেতার পর সাংবাদিকদের বোল্ট বলেছেন, ‘ওর সঙ্গে একবার বিবি (ব্ল্যাকবেরি) আলাপচারিতা হয়েছে। আমি ওকে প্রশ্নবাণে জর্জরিত করতে চাইনি। ওকে বলেছি, যেসব খবর শুনছি তাতে সত্যিই খুব খারাপ লাগছে। এটা তো অনেক কঠিন, দুঃসময়। ওকে বলেছি মানসিকভাবে দৃঢ় থাকতে, মনোযোগ ধরে রাখতে। আশা করি সব ঠিক হয়ে যাবে।’
বোল্টের এখনো বিশ্বাস হচ্ছে না পাওয়েলসহ তাঁর জ্যামাইকান সতীর্থরা ডোপ নিয়েছেন, ‘এ নিয়ে খুব বেশি বলতে চাই না। ওদের ধরা পড়াটা সত্যিই বিস্ময়কর। তবে এখনো বিস্তারিত আরও অনেক কিছু জানার বাকি। আমি শুধু বসে ফলাফলের (চূড়ান্ত ডোপ টেস্ট) জন্য অপেক্ষা করছি।’
পাওয়েল অবশ্য নিজেকে নির্দোষ দাবি করে দায় চাপিয়েছেন ফিজিওর ওপর। তাঁর দেওয়া ওষুধ খেয়েই নাকি আজ এই দশা। তবে বোল্ট মনে করেন, প্রত্যেক অ্যাথলেটকে আরও দায়িত্বশীল হতে হবে, ‘জীবনে আপনি আরও দায়িত্বশীল হওয়ার শিক্ষাই পেয়ে থাকেন। অ্যাথলেট হিসেবে আপনারা খুবই সতর্ক থাকতে হবে। কারণ, নিষেধাজ্ঞার তালিকায় অনেক কিছুই আছে। এ সম্পর্কে হালনাগাদ সব সময়ই জেনে রাখতে হবে। এ জন্যই এসব ব্যাপারে আপনাকে সাহায্য করার জন্য একটা আলাদা দল দরকার।’ সূত্র: আইএএনএস।
আজকের ভারত-জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা-দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ম্যাচের আপডেট পেতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে