বোল্ট-ঝলকে আলোকিত মস্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন।উসাইন বোল্টের এমন উচ্ছ্বাসই তো স্বাভাবিক।ছবি: রয়টার্স
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টের শ্রেষ্ঠত্ব ফিরে পেয়েছেন।উসাইন বোল্টের এমন উচ্ছ্বাসই তো স্বাভাবিক।ছবি: রয়টার্স

দুই বছর আগে দেগু বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিলেন উসাইন বোল্ট। ১০০ মিটার স্প্রিন্টে ডিসকোয়ালিফায়েড হয়েছিলেন ফলস স্টার্টের কারণে। এবার মস্কোতে আরেক বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওই দুঃস্বপ্নকে মাটিচাপা দিয়েছেন উসাইন বোল্ট। স্প্রিন্টের রাজা কাল ১০০ মিটার জিতেছেন ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে।

ডোপ পরীক্ষায় পজিটিভ হওয়ায় মস্কোতে নেই টাইসন গে। একই কারণে নেই আসাফা পাওয়েলও। চোট কেড়ে নিয়েছে ইয়োহান ব্লেককে। অলিম্পিকে ছয়টি সোনাজয়ী বোল্টের সামনে ছিল যেন ফাঁকা ট্র্যাক! জ্যামাইকান স্প্রিন্টার অবশ্য আগেই জানিয়ে রেখেছিলেন, কার বিরুদ্ধে খেলছেন, সেটা বিষয় নয়। তিনি নিজে হতে চান সর্বকালের সেরা ক্রীড়াবিদদের একজন। তাঁর লড়াই শুধুই নিজেকে ছাড়িয়ে যাওয়ার।

১০০ মিটার (৯.৫৮ সেকেন্ড) ও ২০০ মিটার (১৯.১৯) স্প্রিন্টের বিশ্বরেকর্ডটা বোল্টেরই দখলে। ৪x১০০ মিটারে জ্যামাইকার দলগত বিশ্বরেকর্ডের (৩৬.৮৪ সেকেন্ড) অংশীদারও তিনি। ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে টানা দুটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো কিছু অবশ্য গত রাতে দেখাতে পারেননি বোল্ট। নিজের রেকর্ডের ধারেকাছেও যেতে পারেননি ২৬ বছর বয়সী এই অ্যাথলেট। তবে সত্যিকারের কিংবদন্তি হওয়ার কথাটা মাথায় রেখেছেন বোল্ট, ‘আমার কিছুটা দুর্বল লাগছে। কিছুটা বিশ্রাম প্রয়োজন। আরও স্বর্ণপদক ও বর্ষসেরা অ্যাথলেটের পুরস্কার জিতে কিংবদন্তি হওয়ার লক্ষ্যে কাজ করে যাব আমি।’

ট্র্যাকে নামার আগে তাঁর ওপর বাড়তি চাপ ছিল না বলে দাবি বোল্টের, ‘চাপ নেবেন কি না, এটা আপনার ওপর নির্ভর করে। আমি তা করি না। কারণ আমি জানি, আমি কী চাই। এখানে আমি লড়তে এসেছি, নিজের সেরাটা দিতে এসেছি। হার, জিত, ড্র যেটাই হোক, আমি খুশি।’

২০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনাল আগামী শুক্রবার, পরের দিন ফাইনাল। চ্যাম্পিয়নশিপ সমাপনী ৪ x ১০০ মিটার রিলে অনুষ্ঠিত হবে রোববার। ১০০ মিটারে গতির ঝড় উঠলেও রেকর্ড হয়নি, ২০০ মিটারে কি হবে? বোল্ট অবশ্য কোনো প্রতিশ্রুতি দিলেন না, ‘২০০ মিটার দৌড়ানোর অপেক্ষায় আছি। কোনো প্রতিশ্রুতি দিতে পারছি না। আশা করছি, সবকিছু ঠিকঠাকই থাকবে।’ সূত্র: রয়টার্স।