বোল্ট-ঝড় চলছেই (ভিডিও)
অলিম্পিকের পরও ট্র্যাকে ঝড় তোলা অব্যাহত রেখেছেন উসাইন বোল্ট। ইতিহাস গড়ে টানা দুটি অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সোনা জয়ের পর এবার ডায়মন্ড লিগের ২০০ মিটারেও জয় পেয়েছেন বিশ্বের এই দ্রুততম মানব। দুই স্বদেশি নিকেল অ্যাশমাডে ও জ্যাসন ইয়ংকে পেছনে ফেলে মাত্র ১৯.৬৬ সেকেন্ডে দৌড় শেষ করেছেন জ্যামাইকান এই অ্যাথলেট। অন্যদিকে লন্ডন অলিম্পিকে নতুন রেকর্ড গড়ে সোনাজয়ী ডেভিড রুশিদা আকস্মিকভাবে হেরে গেছেন ৮০০ মিটার দৌড়ে।২০০ মিটার দৌড়ে বোল্টের পাশে দৌড়াননি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়োহান ব্লেক। তবে ১০০ মিটার দৌড়ে ব্লেকের জয়টা আটকাতে পারেনি কেউই। অন্যদের থেকে বেশ খানিকটা আগেই দৌড় শেষ করেছেন তিনি। সময় লেগেছে মাত্র ৯.৭৬ সেকেন্ড। আর ৯.৯৫ সেকেন্ডে দৌড় শেষ করে দ্বিতীয় হয়েছেন আরেক জ্যামাইকান অ্যাথলেট নেস্তা কার্টার।২০০ মিটারে প্রায় অনায়াসেই জয়ের দেখা পেয়ে গেছেন উসাইন বোল্ট। পুরো সামর্থ্য দিয়ে যে তাঁকে দৌড়াতেও হয়নি, সেটা নিজেও স্বীকার করেছেন জ্যামাইকান এই অ্যাথলেট। তিনি বলেছেন, ‘২০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করতে পেরে আমি খুশি। কিন্তু আমি আমার পুরো শক্তি প্রয়োগ করিনি। এখন মৌসুমের শেষ সময় আর তাই আমি কিছুটা সাবধানেই থাকতে চেয়েছিলাম।’অন্যদিকে বোল্ট ও ব্লেকের জয়ের দিনে অঘটনের শিকার হয়েছেন ডেভিড রুশিদা। মাত্র কয়েক দিন আগে লন্ডন অলিম্পিকে ৮০০ মিটার দৌড়ে নতুন রেকর্ড গড়ে সোনা জিতেছিলেন কেনিয়ার এই অ্যাথলেট। কিন্তু ডায়মন্ড লিগে আকস্মিকভাবেই হেরে গেছেন তিনি। এক মিনিট ও ৪২.৫৩ সেকেন্ডে দৌড় শেষ করে ৮০০ মিটারে বিজয়ের হাসি হেসেছেন আমান।—রয়টার্স