বোল্ট-ঝড়ে উড়ে গেল উইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট জয়ের স্বাদটা প্রায় ভুলতে বসেছিল নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্টের (স্টাম্প ও বল হাতে) সৌজন্যে আবার সেই স্বাদ পেল তারা  এএফপি
টেস্ট জয়ের স্বাদটা প্রায় ভুলতে বসেছিল নিউজিল্যান্ড। ট্রেন্ট বোল্টের (স্টাম্প ও বল হাতে) সৌজন্যে আবার সেই স্বাদ পেল তারা এএফপি

এক দিনেই দু-দুবার হুড়মুড় করে ভেঙে পড়া। ১৬ উইকেট খোয়ানো। টানা চতুর্থবারের মতো ফলোঅনে পড়া। চার টেস্টের মধ্যে তিনবার ইনিংস পরাজয়। একসময়ের দোর্দণ্ড প্রতাপশালী ওয়েস্ট ইন্ডিজের একি দশা! কাল ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বোলারদের পেস ও সুইংয়ে জেরবার হয়ে আরেকটি ইনিংস পরাজয় উপহার পেয়েছে ক্যারিবীয়রা।

তৃতীয় দিনের শুরুতেই বিপর্যয়, প্রথম ইনিংসের শেষ ৬ উইকেট ড্যারেন স্যামিরা হারালেন মাত্র ৩৫ বলের মধ্যে। ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দিন শুরু করা দলটি অলআউট মাত্র ১৯৩ রানে। এরপর দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৭৪ থেকে অলআউট ১৭৫ রানে। ২০১৩ সালে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেল নিউজিল্যান্ড, ব্রেন্ডন ম্যাককালামও অধিনায়ক হিসেবে এই স্বাদটা পেলেন প্রথম।

আর এই জয়ের নায়ক ট্রেন্ট বোল্ট। নিউজিল্যান্ডের একমাত্র ইনিংসে ১১ নম্বরে নেমে ৩৮ রান করেছেন, বোল্ট আগুন ঝরিয়েছেন বোলিংয়েও। ওয়েস্ট ইন্ডিজের ১৬ উইকেটের ৯টিই কাল নিয়েছেন এই বাঁহাতি পেসার। তাঁর পেস ও ইনসুইংয়ের নিখুঁত প্রদর্শনীতেই জেরবার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ৪০ রানে ৬ উইকেট, ক্যারিয়ার-সেরা বোলিং করা বোল্ট দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৪০ রানে ৪ উইকেট। ৮০ রানে ১০ উইকেট; টেস্ট তো বটেই প্রথম শ্রেণীর ক্রিকেটেও প্রথমবারের মতো ম্যাচে ১০ উইকেট পেলেন ২৪ বছর বয়সী বোলার।

প্রথম ইনিংসে বোল্ট শেষ ৪টি উইকেট নিয়েছেন মাত্র ছয় বলের মধ্যে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসও কাল টিকেছে মাত্র ১২.৫ ওভার। আগের দিন ১১ রানে অপরাজিত থাকা দেওনারায়ণকে দিয়ে শুরু। এক ওভার পর তিন বলের মধ্যে মারলন স্যামুয়েলস ও ড্যারেন স্যামিকে শিকার। ইনিংস-সর্বোচ্চ ৬০ রান করে স্যামুয়েলস ফিরলেও স্যামি ফিরেছেন শূন্য রানেই। শূন্য রানে ফিরেছেন ওয়েস্ট ইন্ডিজের শেষ চার ব্যাটসম্যানই।

ডানেডিনে প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করিয়েও জয় পাননি ম্যাককালাম। একই সিদ্ধান্ত নিয়ে এবার অবশ্য সফল কিউই অধিনায়ক। কার্ক এডওয়ার্ডস ও কাইরান পাওয়েলের উদ্বোধনী জুটি অবশ্য প্রথম টেস্টের স্মৃতিই মনে করিয়ে দিচ্ছিল। স্কোরবোর্ডে ৭৪ রান উঠে যাওয়ার পরই প্রথম আঘাত। সাউদি পাওয়েলকে বোল্ড করার তিন বল পর ওয়াগনার শূন্য রানে ফেরান ড্যারেন ব্রাভোকে। পরের ১০০ রান তুলতেই শেষ বাকি ৮ উইকেট।
প্রথমে ব্যাটিং, এরপর বোলিং, ম্যাচসেরা বোল্ট ছাপ রেখেছেন ফিল্ডিংয়েও। দ্বিতীয় ইনিংসে ওয়াগনারের বলে বাঁ দিকে ঝাঁপিয়ে একহাতে নিয়েছেন দুর্দান্ত এক ক্যাচ। বোল্টের নিজের কাছেই এটি অবিশ্বাস্য লেগেছে, ‘ক্যাচটা ছিল পুরোপুরিই পরাবাস্তব। আমি জানি না এটা কীভাবে ব্যাখ্যা করব। মনে হচ্ছে ঝাঁপ দিলাম আর ক্যাচটা জমে গেল।’ এএফপি, ক্রিকইনফো।
১৯ ডিসেম্বর হ্যামিল্টনে শুরু হবে সিরিজ নির্ধারণী শেষ টেস্ট।