বোল্ট-ফ্রেজার অন্য লড়াই

উসাইন বোল্টের সঙ্গে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসের লড়াইটা বেশ জমে উঠেছে! দুজনে মিলে জ্যামাইকাকে আরও একবার উপহার দিলেন ‘ডাবল’। আগের দিন পুরুষদের ১০০ মিটারে সোনা জিতে সর্বকালের সেরা অ্যাথলেট হওয়ার লক্ষ্যে আরেক ধাপ এগিয়ে গেছেন বোল্ট। জ্যামাইকান বজ্রবিদ্যুতের সঙ্গে তাল মিলিয়ে পরশু মেয়েদের ১০০ মিটারে সোনা জিতেছেন তাঁর স্বদেশি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস।
১০০ মিটারে বোল্ট-ফ্রেজারের এই যুগলবন্দী চলে আসছে সেই ২০০৮ বেইজিং অলিম্পিক থেকে। ২০০৮ বেইজিং অলিম্পিক, ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপ ও ২০১২ লন্ডন অলিম্পিকের দ্রুততম মানব-মানবী হয়েছিলেন বোল্ট-ফ্রেজার। ব্যতিক্রম হয়ে এসেছিল কেবল ২০১১ দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তাতেও কী আশ্চর্য মিল! সেবার ১০০ মিটারে ফলস স্টার্ট করে ডিসকোয়ালিফায়েড হয়ে যান বোল্ট। ফ্রেজারকে সন্তুষ্ট থাকতে হয় রুপা জিতে। তবে মস্কোয় মুকুট পুনরুদ্ধার করলেন দুজনেই।
বোঝাই যাচ্ছে, বোল্টের মতোই মেয়েদের স্প্রিন্টে বর্তমান রাজত্বটা ফ্রেজারের। পরশু ট্র্যাকেও দাপট দেখিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পুনরুদ্ধার করেছেন বোল্টের সমান বয়সী জ্যামাইকান মেয়ে (দুজনেরই বয়স ২৬)। প্রতিদ্বন্দ্বীদের প্রতিদ্বন্দ্বিতাই গড়তে দেননি ‘পকেট রকেট’। মাত্র ৫ ফুট উচ্চতার ফ্রেজার সোনা জিতেছেন স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে। করেছেন বছরের সেরা সময়, ১০.৭১ সেকেন্ড। ১০.৯৩ সেকেন্ড সময় করে রুপা জিতে মুরিয়েল অ্যাহোর আইভরি কোস্টকে উপহার দিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রথম পদক। শুধু তা-ই নয়, ১০০ মিটার স্প্রিন্টে পদকজয়ী প্রথম আফ্রিকান নারী তিনি। দেগুর সোনাজয়ী যুক্তরাষ্ট্রের কার্মেলিটা জেটার ১০.৯৪ সেকেন্ড সময় করে জিতেছেন ব্রোঞ্জ।
ছোট খেলার খেলোয়াড় বলেই হয়তো নিউজিল্যান্ডের ভ্যালেরি অ্যাডামসকে নিয়ে অতটা মাতামাতি নেই। নতুবা কিউই এই মেয়ে গড়েছেন অনন্য এক কীর্তি। ওসাকা, বার্লিন, দেগুর পর মস্কো—ইতিহাসের প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে একই ইভেন্টে টানা চারটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন অ্যাডামস। শটপুটে (গোলক নিক্ষেপ) সোনা জিতেছেন তিনি ২০.৮৮ মিটার নিক্ষেপ করে। ২০.৪১ মিটার নিক্ষেপ করে রুপা জিতেছেন জার্মানির ক্রিস্টিনা শোয়ানিৎজ। ১৯.৯৫ মিটার ছুড়ে আরেকবার ব্রোঞ্জেই সন্তুষ্ট থাকতে হয়েছে অলিম্পিকের ব্রোঞ্জজয়ী চীনের গং লিজাওকে।
মেয়েদের বিভাগে তো বটেই; সব মিলিয়েও একই ইভেন্টে তাঁর চেয়ে বেশি টানা বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন মাত্র একজন, সের্গেই বুবকা। ইউক্রেনের কিংবদন্তি পোল ভল্টার সোনা জিতেছিলেন টানা ছয়টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে। সর্বকালের অন্যতম সেরা অ্যাথলেট বুবকাকে ছুঁতে পারবেন কি না, সেটা বলবে সময়। তবে নিজের অর্জনেই দারুণ খুশি ২৮ বছর বয়সী অ্যাডামস, ‘এটা ছিল বিস্ময়কর এক সন্ধ্যা। আমি রীতিমতো উড়ছি, আনন্দে আত্মহারা আমি।’ এএফপি।