বোল্ট-ব্লেক তাঁদের মতোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারাভরা জুরিখে সব তারারাই দ্যুতি ছড়িয়েছে। ম্রিয়মাণ ছিল কেবল একটি তারা, ডেভিড রুডিশা! লন্ডনে ৮০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়ে সোনাজয়ী এই কেনিয়ান দৌড়বিদ জুরিখে পারেননি সেই জয়ের ধারা ধরে রাখতে। হেরে গেছেন ১৮ বছর বয়সী ইথিওপিয়ার মোহাম্মেদ আমানের কাছে। বোল্ট-ব্লেকরা অবশ্য অনুমিতভাবেই আলো ছড়িয়েছেন, নিজেদের ইভেন্টে অনায়াস জয় তুলে নিয়েছেন দুজনই।১০০ মিটারে এবারও দৌড়াননি বোল্ট, দৌড়েছেন ২০০ মিটারে। বাকিদের চেয়ে অনেকটা এগিয়েই ছিলেন, তবে বিশ্ব রেকর্ড হয়নি। দৌড় শেষ করেছেন ১৯.৬৬ সেকেন্ডে। বোল্ট তাতে খুব একটা মনঃক্ষুণ্ন হয়েছেন বলে মনে হয় না, ‘২০ সেকেন্ডের নিচে দৌড় শেষ করতে পেরেই আমি খুশি। আমি শরীরের ওপর খুব বেশি ধকল নিতে চাইনি।’ ৭ সেপ্টেম্বর ব্রাসেলসে এই মৌসুমে শেষবারের মতো দৌড়াবেন বোল্ট, তাই কিছুটা সতর্কই ছিলেন। কিন্তু তার পরও দৌড়টা উপভোগ করেছেন ষোলোআনা, ‘অলিম্পিকের পর দৌড়ানোটা দারুণ উপভোগ্য, চাপটাও অনেক কম।’ ১০০ মিটারে বোল্টের জয়টা যেমন ছিল প্রত্যাশিত, ব্লেকেরটাও তাই। লড়াইটা অবশ্য জমজমাটই হওয়ার কথা ছিল। সর্বকালের তৃতীয় সেরা টাইমিংয়ে ব্লেকের সঙ্গে ভাগ বসানো টাইসেন গে যে ছিলেন! কিন্তু গে গোড়াতেই গলদ করেছেন, ফলস স্টার্টের খাঁড়ায় পড়ে দৌড়াতেই পারেননি। ব্লেকের জয়টা হলোও তাই একেবারে একপেশে, ৯.৭৬ সেকেন্ড টাইমিং করে বাকিদের চেয়ে এগিয়ে ছিলেন পরিষ্কার ব্যবধানে। নেস্টা কার্টার হয়েছেন দ্বিতীয় (৯.৯৫ সেকেন্ড), রায়ান বেইলি তৃতীয় (৯.৯৭ সেকেন্ড)। বিরুদ্ধ পরিবেশে জিতে নিজের আত্মবিশ্বাসটাও নিয়ে গেছেন নতুন চূড়ায়। সাফল্যের জন্য অবশ্য কোচ গ্লেন মিলসকেও কৃতিত্ব দিচ্ছেন ব্লেক, ‘আমি একেবারেই বিস্মিত নই। অলিম্পিকের পর আমি আরও অনেক শক্তিশালী, দ্রুত হয়েছি। কারণ কোচের আমাকে নিয়ে একটা পরিকল্পনা আছে।’তবে ডেভিড রুডিশার হার যেন বিনা মেঘে বজ্রপাত। অলিম্পিকে বিশ্ব রেকর্ডধারী হেরে যাবেন, তা-ও আবার সদ্য কৈশোর পেরোনো প্রতিযোগীর কাছে! পরাজয়ের জন্য প্রকৃতির ওপরও কিছুটা দোষ চাপিয়েছেন রুডিশা, ‘আমার পা জোড়া ছিল ভীষণ ক্লান্ত। আর আবহাওয়া ভালো না থাকলে আমি ভালোভাবে দৌড়াতেও পারি না।’ লন্ডনে ষষ্ঠ হয়েছিলেন আমান। তবে গত বছরই রুডিশাকে ২০০৯-এর পর প্রথম দিয়েছিলেন পরাজয়ের স্বাদ। এবার দিলেন জুরিখেও। রুডিশার একচ্ছত্র আধিপত্য কি তবে খর্বই হতে চলেছে? এএফপি, রয়টার্স।