বোল্ট-ব্লেকদের রাতে মেরিট
মৌসুমের শেষটাও স্মরণীয়ই করে রাখলেন বোল্ট-ব্লেকরা। ব্রাসেলসে ডায়মন্ড লিগে ১০০ মিটারে জিতেছেন উসাইন বোল্ট, আর ২০০ মিটারে স্বদেশি ইয়োহান ব্লেক। তবে আরেকটু হলে কেলেঙ্কারিই হয়ে যেতে পারত সর্বকালের দ্রুততম মানবের। যাচ্ছেতাই শুরু করেছিলেন, বাকি প্রতিযোগীরা তাঁকে পেছনে ফেলে সামনে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু কেন তিনি অদ্বিতীয়, সেটা দেখালেন এরপর। লম্বা পায়ে পেছনে ফেললেন বাকিদের। টাইমিংটা ঠিক ‘বোল্টসুলভ’ হয়নি—৯.৮৬ সেকেন্ড। বজ্রমানবের মানদণ্ডে তো খারাপই! এই দৌড়ের পরও দ্বিতীয় নেস্টা কার্টার (৯.৯৬) ও তৃতীয় কেমার বেইলি কোলের (৯.৯৭) চেয়েও অনেকটা এগিয়ে ছিলেন বোল্ট। জয় দিয়েই শেষ করলেন দীর্ঘ একটা মৌসুম। পড়তে হয়নি উটকো চোটের ঝামেলায়। তাই হয়তো আনন্দের চেয়ে স্বস্তিটাই বড় ছিল অবসাদগ্রস্ত বোল্টের কাছে, ‘মৌসুমটা শেষ করতে পেরে আমি খুব খুশি। এখানে আসাটা ভক্তদের জন্যই। চেয়েছিলাম কোনো চোট যাতে না পাই। গতকাল কোচকে বলছিলাম আমি ক্লান্ত। আমি স্রেফ তাল মিলিয়ে চলেছি, দৌড়টা ছিল “চলে” গোছের। অন্তত হারিনি তো।’ লন্ডনের পর বোল্ট-ব্লেক যেন পণ করেছেন একসঙ্গে দৌড়াবেন না। ব্রাসেলসেও ব্লেক দৌড়ালেন ২০০ মিটারে। বিশ্ব রেকর্ডটা ভাঙার স্বপ্নটা হয়তো পুষেও রেখেছিলেন, তবে পূরণ হয়নি সেটা। তবে জয় পেয়েছেন ঠিকই, ১৯.৫৪ সেকেন্ডে করেছেন সর্বকালের সেরা নবম টাইমিং। তবে বিশ্ব রেকর্ডেই তাঁর চোখ, ‘যখন দেখলাম পেছনে কেউ নেই, তখন আরেকটু জোরে দৌড়াতে চেয়েছিলাম। পারিনি। সামনের বছর আমি আরও ভালোমতোই ফিরব।’তবে বোল্ট-ব্লেক প্রদর্শনীতে অনেকটাই আলো কেড়ে নিয়েছে অ্যারিস মেরিট। লন্ডন অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসের সোনাজয়ী বিশ্ব রেকর্ড করলেন ব্রাসেলসে, ১২.৮০ সেকেন্ডে দৌড়ে ভেঙেছেন চার বছরের পুরোনো বিশ্ব রেকর্ড। মেরিট নাকি শুধু ১৩ সেকেন্ডের নিচে দৌড়াতে চেয়েছিলেন, তাতেই এই কীর্তি! নিজেও তাই বিস্মিত, ‘এ আমি কী দেখছি? আমি হতভম্ব। বিশ্বাস করতে পারছি না এত জোরে দৌড়েছি!’ এএফপি।