বোল্ট হবেন লং জাম্পার!
লং জাম্পে বব বিমনের ২৩ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড ভেঙে ১৯৯১ সালে নতুন রেকর্ড গড়েছিলেন মাইক পাওয়েল। ২০ বছর পরও যুক্তরাষ্ট্রের জাম্পারের রেকর্ডটি অটুট। অদূর ভবিষ্যতে এই রেকর্ডটি ভেঙে দিতে পারেন একজন। কে? উসাইন বোল্ট! বিস্ময়ে মাথা নাড়ার আগে এই তথ্যটাও জানা জরুরি, এই ভবিষ্যদ্বাণীটি করেছেন স্বয়ং পাওয়েল। তবে একটা শর্ত, বোল্টকে আগে লং জাম্পটা শিখতে হবে।২০০৮ বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে সোনাজয়ী বোল্টের মধ্যে বিশ্ব মানের লং জাম্পার হওয়ার সম্ভাবনা দেখতে পান পাওয়েল। সব গুণই নাকি জ্যামাইকান বজ্রবিদ্যুতের মধ্যে আছে। আর ফিল্ডেও প্রতিভার প্রতিফলন ঘটতে পারে শিগগিরই। কারণ শুধু ছায়া খুঁজে বেড়ানোই নয়, বোল্টকে লং জাম্প নিয়ে ভাবতে পরামর্শও দিয়েছেন পাওয়েল। ইতিহাসের দ্রুততম মানব বোল্টেরও নাকি লং জাম্প এবং ৪০০ মিটারের ব্যাপারটি মাথায় আছে।স্প্রিন্টার বোল্টকে লং জাম্পার হওয়ার পরামর্শটা পাওয়েল দিয়েছেন আরও দুই বছর আগে। ৪৭ বছর বয়সী এই মার্কিন আন্তর্জাতিক অ্যাসোসিয়েশন অব অ্যাথলেটিকস ফেডারেশনের (আইএএএফ) শুভেচ্ছাদূত হিসেবে ভারতে। সেখানেই পাওয়েল বলেছেন, ‘২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর যখন আমরা একই হোটেলে থাকতাম, আমি প্রথমে ওর কোচ এবং মা-বাবার সঙ্গে কথা বলেছিলাম। আমি তাঁদের প্রস্তাব করেছিলাম এবং বলেছিলাম, ‘ওর লং জাম্পটা শেখা উচিত’। তাঁরা আমাকে বলেছিলেন, ‘‘তুমি জান, আমরা এটা নিয়ে কথা বলেছি।’’ আমি বলেছিলাম, আমি এটার সঙ্গে সম্পৃক্ত হতে পছন্দ করব।’১৯৯১ টোকিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড গড়তে পাওয়েল লাফিয়েছিলেন ৮.৯৫ মিটার। পাওয়েলের কথা, বোল্ট লং জাম্প শুরু করলে এটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে! ‘লং জাম্পের প্রধান উপাদান গতি এবং উচ্চতা। দুটোই সমান গুরুত্বপূর্ণ। সে দুটোই পেয়েছে’—বলেছেন পাওয়েল। রয়টার্স।