বোল্টও হারতে জানেন
দুই বছর আগে এই আগস্ট মাসেই পৃথিবীকে পায়ের তলায় নামিয়ে এনেছিলেন তিনি। বেইজিং অলিম্পিকে স্প্রিন্ট ডাবলের সঙ্গে ৪–১০০ মিটার রিলেরও সোনা জিতেছিলেন বিশ্ব রেকর্ড গড়ে। পরের দুই বছরে অতিমানবীয় দক্ষতায় নিজেকে উঁচু থেকে আরও উঁচুতে নিয়ে গেছেন। এমনই বিশ্বাস জন্মে গিয়েছিল অ্যাথলেটিকস দুনিয়ায়—এই গ্রহের কারও পক্ষে তাঁকে হারানো সম্ভব নয়।কিন্তু ‘চিরদিন কাহারো সমান নাহি যায়’। হারের অভিজ্ঞতা যে পেতেই হবে! গত পরশু সুইডেনের স্টকহোম ডায়মন্ড লিগে পৃথিবীর দ্রুততম মানব উসাইন বোল্টকে সেই অভিজ্ঞতাটা উপহার দিলেন একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বোল্টের অন্যতম প্রতিদ্বন্দ্বী টাইসন গে।গে বা বোল্ট কেউই নিজের সেরা পারফরম্যান্স করতে পারেননি। ৯.৮৪ সেকেন্ডে দৌড় শেষ করে ডায়মন্ড লিগের ১০০ মিটারে সোনা জিতেছেন গে। আর ৯.৯৭ সেকেন্ডে দৌড় শেষ করা বোল্টকে সন্তুষ্ট থাকতে হয়েছে রুপা নিয়ে। উসাইন বোল্ট, টাইসন গে ও আসাফা পাওয়েল—বর্তমান পৃথিবীর দ্রুততম তিন দৌড়বিদকে নিয়ে স্টকহোমের আয়োজকেরা গত বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের পুনরাবৃত্তি হবে বলে আশায় ছিলেন। শেষ সময়ে চোটের কারণে সরে দাঁড়ান পাওয়েল। তাতেও উত্তেজনা কমেনি। অপেক্ষা ছিল, বোল্টের কাছ থেকে নতুন কিছু দেখার।সেটা করতে পারেননি বোল্ট। বিশ্ব রেকর্ড গড়া নিজের সেরা পারফরম্যান্সের (৯.৫৮ সেকেন্ড) ধারেকাছেও যেতে পারলেন না। অবশ্য চোটই বাধা হয়ে দাঁড়িয়েছে বোল্টের পথে। ‘অ্যাকিলিস ইনজুরিতে’ ভুগতে থাকা বোল্ট নিজেই বলছেন, বছরটা তাঁর ‘বিশ্রামের বছর’।যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার গেকে প্রাপ্য কৃতিত্ব দিয়ে বোল্ট বলেছেন, ‘মোটামুটি পারফরম্যান্স করতে পেরেছি। আমি আমার সেরা ফর্মে ছিলাম না। আমার শক্তি নিয়ে আরও কাজ করতে হবে। শক্তি কম ছিল বলেই প্রথম ৩০ মিটারে পিছিয়ে পড়েছিলাম। যা-ই হোক, টাইসন ভালো করেছে বলেই জিতেছে।’এই জয়টা গের জন্য দারুণ একটা প্রতিশোধ বলা যায়। বেইজিং অলিম্পিকে যুক্তরাষ্ট্রের বিরাট স্বপ্ন নিয়ে গিয়েছিলেন তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন গে। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত ১০০ মিটার দৌড়ে অংশই নিতে পারেননি। তারপর কয়েক দফা বোল্টের সঙ্গে দেখা হলেও ‘জ্যামাইকান বিদ্যুৎ’-এর পেছনেই পড়ে থাকতে হয়েছে।অবশ্য কাল বোল্টকে টপকে গিয়েও নিজেকে খুব বেশি বাহবা দেননি গে। বোল্টের খারাপ সময়ই তাঁকে এই জয় এনে দিয়েছে বলে মেনে নিয়েছেন। তার পরও খুশি গে, ‘আমি জানি, বোল্ট মোটেও তার সেরা ফর্মে ছিল না। তার পরও জিততে পেরে আমি খুশি। আমার শরীরটা খুবই ভালো সাড়া দিয়েছে, আমি উত্তেজিত এবং অনুপ্রাণিত বোধ করেছি। তবে সত্যি বলি, অর্ধেক দৌড়ের পরও বোল্টকে সামনে না দেখে আমি খুবই অবাক হয়েছিলাম।’ ওয়েবসাইট।