বোল্টকে গেইলের প্রত্যয়ন
মেলবোর্ন স্টার্স তাঁকে দলে নিতে আগ্রহী। এটাকে অনেকে বিশ্বের দ্রুততম মানবের প্রতি বিগ ব্যাশের দলটির মোহ বলতে পারেন। বলতে পারেন বাণিজ্যিক ভাবনাও। তবে এখন এমন কথা বলতে হলে অন্তত ভাবতে হবে দুবার! এমন একজনের কাছ থেকে প্রত্যয়ন পেলেন উসাইন বোল্ট, যেটা হতে পারে তাঁর ক্রিকেটার সত্তার সবচেয়ে বড় বিজ্ঞাপন। ক্রিস গেইল বলছেন, ক্রিকেটের জগতেও ঠিকই জমিন খুঁজে পাবেন বোল্ট! কত বড় ক্রিকেটার তিনি, এর প্রমাণ হিসেবে বোল্ট প্রায়ই বলেন চ্যারিটি ম্যাচে গেইলকে বোল্ড করা ও ছক্কা মারার কথা। গেইল দিলেন আরও একটা নতুন তথ্য, ‘একটা চ্যারিটি ম্যাচে ও আমার বিপক্ষে খেলেছে। দারুণ এক বাউন্সারে আমার মাথা প্রায় উড়িয়েই দিচ্ছিল! একটা কথা নিশ্চিত করে বলতে পারি, ক্রিকেটে এলে ও মোটেও বিব্রতকর কিছু করবে না। নিজের প্রতি ওর অনেক শ্রদ্ধা। ওকে ক্রিকেটীয় আবহে আনলে আর অনুশীলনের সুযোগ দিলে অবশ্যই দারুণ কিছু করবে।’ ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে তো সম্ভবত খেলতেই যাচ্ছেন। আগামী বছর কোরাজন ক্লাসিক ম্যাচে রিয়াল মাদ্রিদ কিংবদন্তিদের বিপক্ষে ইউনাইটেড কিংবদন্তিদের হয়ে বোল্টকে খেলাতে চান স্যার অ্যালেক্স ফার্গুসন। এবার সত্যিই যদি মেলবোর্ন স্টার্সে খেলেন, তাহলে স্রেফ গতিদানব নয়, বোল্টকে বলতে হবে আধুনিক যুগের সবচেয়ে সব্যসাচী ক্রীড়াবিদ। গেইলের মাথা উড়ানোর সুযোগও হয়তো পাবেন আরেকবার, গেইল যে খেলেন বিগ ব্যাশের আরেক দল সিডনি থান্ডার্সে! ওয়েবসাইট।