বোল্টকে গের সতর্কবার্তা

জাস্টিন গ্যাটলিনের পর তাঁর স্বদেশি টাইসন গেও সতর্কবার্তা পাঠালেন বোল্টকে। তবে গ্যাটলিনের মতো সরাসরি হারিয়ে নয়, বিশ্ব চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বোল্টকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন গে চ্যালেঞ্জটা জানাচ্ছেন দূর থেকেই। পরশু লুসান ডায়মন্ড লিগ মিটে ১০০ মিটারে জিতেছেন গে।
বোল্ট-গ্যাটলিনরা না দৌড়ালেও ছিলেন ১০০ মিটারের সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়ালের মতো প্রতিদ্বন্দ্বী। কিন্তু এ বছর নিজেকে নতুন করে ফিরে পাওয়া গে জ্যামাইকান স্প্রিন্টারকে পেছনে ফেলেছেন স্পষ্ট ব্যবধানেই। গে সময় করেছেন ৭.৭৯ সেকেন্ড। এ নিয়ে ১০০ মিটারে বছরের সেরা তিনটি সময়ই তাঁর। পাওয়েল দ্বিতীয় হয়েছেন ৯.৮৮ সেকেন্ড সময় করে। চোটের কারণে জ্যামাইকার বাছাইতে অংশ নিতে না-পারা পাওয়েলের এটাই এ বছরের ব্যক্তিগত সেরা সময়।
আগামী ১০ আগস্ট থেকে রাশিয়ার মস্কোতে শুরু হচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তার আগে ফর্মই কথা বলছে গের হয়ে। যুক্তরাষ্ট্রের বাছাইতে ২০০ মিটারেও বছরের সেরা সময় করা ৩০ বছর বয়সী গে বোল্টদের চ্যালেঞ্জটা ছুড়ে দিয়েছেন মুখেও, ‘আমি দারুণভাবে শেষ করতে চেয়েছি এবং সুস্থ থাকতে চেয়েছি। আমি ভালো বোধ করছি। আমার মনে হয়, বিশ্বের যে কারও বিপক্ষেই আমার ভালো সুযোগ আছে।’
এই চ্যালেঞ্জ প্যারিসে থাকা বোল্ট হয়তো পেয়ে থাকবেন। আজ প্যারিস ডায়মন্ড লিগের ২০০ মিটারে দৌড়ানোর প্রস্তুতি নেওয়া বোল্টও তাই তাঁর স্বভাবসুলভ ভঙ্গিতে ছুড়ে দিলেন পাল্টা চ্যালেঞ্জ। শুধু এই বছরই নয়, দুবারের ‘ট্রেবল’ অলিম্পিক সোনাজয়ী অ্যাথলেট ট্র্যাক ও ফিল্ড শাসন করতে চান ২০১৬ রিও অলিম্পিক পর্যন্ত। ২০০৮ ও ২০১২ অলিম্পিকের মতো ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ‘ট্রেবল’ জিতেছিলেন বোল্ট। কিন্তু ফলস স্টার্টের কারণে ২০১১ দেগু বিশ্ব্ব চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার থেকে ছিটকে পড়েন ২৬ বছর বয়সী জ্যামাইকান। সেই হতাশাটা মুছে ফেলতে চান এবার মস্কোয়, ‘আমি স্প্রিন্টে রাজত্বটা রিও অলিম্পিক পর্যন্ত ধরে রাখতে চাই। আমার মনে আছে, যুক্তরাষ্ট্রের ট্র্যাক ও ফিল্ড কিংবদন্তি মাইকেল জনসন যখন অবসর নিলেন, আমি তাঁর কাছে জানতে চেয়েছিলাম ক্যারিয়ার নিয়ে তিনি কী চিন্তাভাবনা করতেন। তিনি আমাকে বলেছিলেন, তিনি গর্বিত যে শেষ পর্যন্ত নিজের খেলাটায় রাজত্ব করে যেতে পেরেছেন। আমারও একই লক্ষ্য।’
গে-পাওয়েল নয়, পরশু লুসানে সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দিয়েছেন বোডান বোন্ডারেঙ্কো। হাইজাম্পে এই ইউক্রেনিয়ান লাফিয়েছেন ২.৪১ মিটার। যা ১৯৯৪ সালে কিউবার হাভিয়ের সোতোমেয়রের (২.৪৬ মি.) পর সবচেয়ে বেশি উচ্চতা পেরোনোর রেকর্ড। এএফপি।
মৌসুমের সেরা তিন গের
৯.৭৫ সেকেন্ড
যুক্তরাষ্ট্র বাছাই (ফাইনাল)
৯.৭৬ সেকেন্ড
যুক্তরাষ্ট্র বাছাই (সেমিফাইনাল)
৯.৭৯ সেকেন্ড
লুসান ডায়মন্ড লিগ