বোল্টকে চ্যালেঞ্জ জানানো হলো না ডি গ্রেসের
উসাইন বোল্টময় এবারের বিশ্ব অ্যাথলেটিকস। সেটি হওয়াই স্বাভাবিক। এই আসরে দৌড়েই যে বুট জোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন ইতিহাসের দ্রুততম মানব। ইতিহাসের অন্যতম সেরা অ্যাথলেটের বিদায়ী সুর বাজছে, আবেগ যেন ছুঁয়ে যাচ্ছে সবাইকে। সর্বকালের সেরা স্প্রিন্টারের সঙ্গে দৌড়াতে মুখিয়ে ছিলেন কানাডার আন্দ্রে ডি গ্রেস। কিন্তু বোল্টকে ‘চ্যালেঞ্জ’টা জানাতে পারছেন না তিনি। হ্যামস্ট্রিং চোটে ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্যই।
ডি গ্রেসকে ধরা হচ্ছিল ১০০ মিটারে বোল্টের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। জুনে অনুষ্ঠিত হওয়া স্টকহোম আসরে তাঁর টাইমিং ছিল ৯.৬৯ সেকেন্ড। বোল্টের সঙ্গে দারুণ একটা লড়াইয়ের অপেক্ষায় যখন সবাই, ঠিক তখনই চোটের দুর্ভাগ্য ডি গ্রেসের।
হতাশ ডি গ্রেস মেনে নিচ্ছেন নিজের ভাগ্য, ‘বছরজুড়েই আমি লন্ডনের এই ১০০ মিটার দৌড়ের দিকেই তাকিয়ে ছিলাম। অধীর অপেক্ষায় ছিলেন বিশ্বসেরাকে চ্যালেঞ্জ জানাতে। কিন্তু চোটের কারণে পারছি না। এটিই বাস্তবতা।’
২২ বছর বয়সী কানাডিয়ান আলো ছড়িয়েছিলেন রিও অলিম্পিকেও। ২০০ মিটারে রুপা এবং ১০০ ও ৪ X ১০০ মিটার রিলেতে ব্রোঞ্জ জিতেছিলেন। তাঁর বাইরে চলে যাওয়ায় বোল্টের প্রধান প্রতিদ্বন্দ্বী এখন জ্যামাইকার ইয়োহান ব্লেক আর যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনই।
ডি গ্রেসের এমআরআই রিপোর্ট বলছে, সুস্থ হতে আরও চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। তাই ম্যানেজার ডয়েল জানিয়ে দিয়েছেন, গোটা মৌসুমের জন্যই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে।