বোল্টকে ছাপিয়ে আরেকবার ব্লেক
লন্ডন অলিম্পিকের দরজায় দাঁড়িয়ে আরও একটি ধাক্কা খেলেন উসাইন বোল্ট। গত পরশু জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে ২০০ মিটারেও বোল্টকে হারিয়ে দিয়েছেন ইয়োহান ব্লেক। এই হারের ধাক্কাটা এল ১০০ মিটারে হারের দুই দিন পর।গত শুক্রবার ১০০ মিটারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্লেক বোল্টকে হারিয়েছিলেন ইতিহাসের চতুর্থ দ্রুততম সময় করে। পরশু অবশ্য এমন কিছু করতে পারেননি। এমন কি ক্যারিয়ার-সেরা সময়ের চেয়েও দশমিক ৫৪ সেকেন্ড বেশি সময় নিয়েছেন। গত সেপ্টেম্বরে ক্যারিয়ার-সেরা সময় ১৯.২৬ সেকেন্ডে ২০০ মিটার দৌড়েছিলেন, পরশু লেগেছে ১৯.৮০ সেকেন্ড। ১০০ মিটারের মতো অলিম্পিক ও বিশ্ব রেকর্ডধারী বোল্ট দ্বিতীয় হয়েছেন, সময় ১৯.৮৩ সেকেন্ড। অলিম্পিকে যে অনেক কিছু প্রমাণ করার আছে, সেটিও তিনি ভালোই বুঝতে পারছেন, ‘আমি অলিম্পিক চ্যাম্পিয়ন। বিশ্বকে দেখাতে হবে, এখনো আমি-ই সেরা। আমি জানি, আমাকে কী করতে হবে।’ স্মরণীয় এই সাফল্যের পরও ব্লেক কিন্তু প্রেরণা মানছেন বোল্টকেই, ‘সে (বোল্ট) বলল, “ভালো দৌড়ানোর জন্য অভিনন্দন, তুমি জিতেছ। তুমি এই দিনের সেরা”, আমি তাকে ধন্যবাদ জানিয়েছি, কারণ সে সব সময়ই প্রেরণাদায়ী। আমি এটাও জানি, সে এখনো শতভাগ প্রস্তুত নয়।’ ব্লেকের মতো মেয়েদের সিপ্রন্ট ডাবল জিতেছেন শেলি-অ্যান ফ্রেসার। গত শুক্রবার ১০০ মিটারের পর পরশু ২০০ মিটার জিতেছেন ২২.১০ সেকেন্ড সময় নিয়ে। ২২.৩৭ সেকেন্ড সময় করে দ্বিতীয় অলিম্পিকের রুপাজয়ী শেরন সিম্পসন। এএফপি।