বোল্টকে ধরেই ফেলেছিলেন কার্টার
মোনাকোতে তীব্র লড়াই করেই ডায়মন্ড লিগের ১০০ মিটারে জিততে হলো উসাইন বোল্টকে। এই বছরের ব্যক্তিগত সেরা সময় ৯.৮৮ সেকেন্ড সময় করে এই স্প্রিন্ট তারকা পেছনে ফেলেছেন স্বদেশি নেস্টা কার্টারকে। কার্টার সময় নিয়েছেন ৯.৯০ সেকেন্ড। শুরুতে কার্টারই ছিলেন এগিয়ে। শেষ ৬০ মিটারে বোল্টের অসাধারণ দৌড়ই পেছনে ফেলেছে তাঁকে। ৯.৯৬ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল রজার্স।আগামী ২৭ আগস্ট থেকে দক্ষিণ কোরিয়ার দেগুতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে এটাই বোল্টের শেষ ১০০ মিটার দৌড়। চোট থেকে ফিরে তৃতীয় এই স্প্রিন্ট জেতার পর বিশ্ব রেকর্ডের মালিক বলেছেন, ‘শুরুটাকে অবশ্যই সেরা বলা যাবে না, কিন্তু শেষটা ভালো করেছি। শেষ ৬০ মিটারে তো নাটকীয় উন্নতি হয়েছে।’ধীরে ধীরেই নিজের সেরাটা ফিরে পেতে চান এই জ্যামাইকান। মাত্র গত বৃহস্পতিবার বলেছেন, এই মৌসুমে তাঁর কাছ থেকে বিশ্ব রেকর্ড আশা করা ঠিক নয়। আগামী লন্ডন অলিম্পিককেই পাখির চোখ করছেন তিনি, ‘এই মৌসুমে আমার লক্ষ্য ৯.৭ অথবা ৯.৬ সেকেন্ডে দৌড়ানো। আমার জন্য এই বছরটা নিজেকে ঠিকঠাকমতো গড়ার সময়। আমি পুরোপুরি সুস্থ হয়ে ও প্রস্তুত হয়েই অলিম্পিকে যাব। লন্ডনই (২০১২ অলিম্পিক) আসল লক্ষ্য।’অন্য অ্যাথলেটদের মধ্যে জিতেছেন ৮০০ মিটারের বিশ্ব রেকর্ডের মালিক কেনিয়ার ডেভিড রুডিশা। মৌসুমের সেরা সময় করে ৫০০০ মিটার জিতেছেন ব্রিটেনের মোহাম্মদ ফারাহ (১২ মিনিট ৫৩.১১ সেকেন্ড)। ৪০০ মিটার হার্ডলসে জিতেছেন অলিম্পিক চ্যাম্পিয়ন অ্যাঞ্জেলো ফেলিক্স।ওদিকে রাশিয়ার জাতীয় চ্যাম্পিয়নশিপের মহিলাদের হাইজাম্পে জিতেছেন আনা চিচেরোভা। নিজের ২৯তম জন্মদিনে সর্বকালের তৃতীয় সেরা উচ্চতায় লাফিয়েছেন এই রুশ। তাঁর ২.০৭ মিটারের চেয়ে বেশি উচ্চতায় লাফিয়েছেন শুধু বুলগেরিয়ার স্তেফকা কোস্তাদিনোভা (২.০৯) ও ক্রোয়েশিয়ার ব্লাঙ্কা ভ্লাসিচ (২.০৮)। এএফপি, রয়টার্স।