বোল্টকে নিয়ে ব্যবসা!
বিদ্যুদ্বেগে অন্য প্রতিযোগীদের পেছনে ফেলে বোল্ট ফিনিশিং অতিক্রম করার পরই দৃশ্যটা দেখা যায়। বিশেষ ভঙ্গিমায় আকাশের দিকে দুই হাত তাক করেন বিশ্বের এই দ্রুততম মানব; যেন আকাশের দিকে তাক করছেন তীর-ধনুক। উসাইন বোল্টের এই বিশেষ ভঙ্গিমা এ মুহূর্তে তাঁর আইকনিক ট্রেডমার্ক। কিন্তু বিপত্তিটা বাধে তখনই, যখন কোনো ব্যবসায়ী গোষ্ঠী বোল্টের এই ‘ট্রেডমার্ক’কে তাদের ব্যবসার ট্রেডমার্ক বানাতে চান। সম্প্রতি চীনের একটি পোশাক ও ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাদের স্পোর্টস শুর ট্রেডমার্ক হিসেবে বোল্টের ওই ভঙ্গি ব্যবহার করে সমস্যাটা তৈরি করেছে। উসাইন বোল্টের আইনি পরামর্শদাতারা দাবি করেছেন, চীনের রেনস্কিন কোম্পানির ইস্যু করা ওই ট্রেডমার্কে উসাইন বোল্টকে ব্যবহার করা হয়েছে। ট্রেডমার্কে বোল্টের চেহারা বোঝা না গেলেও তাঁর গায়ের রং ও জ্যামাইকার হলুদ পোশাক বোল্টের আইনি পরামর্শকদের দাবিকে দিয়েছে জোরালো ভিত্তি।বোল্টের তরফ থেকে এ ব্যাপারে আপত্তি ওঠার পর পুরো ব্যাপারটি এখন খতিয়ে দেখছে বেইজিংভিত্তিক একটি ট্রেডমার্ক প্রতিষ্ঠান।রেনস্কিন কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, তাদের ব্যবহূত ট্রেডমার্কে কোনোভাবেই বোল্টকে ব্যবহার করা হয়নি। আর, ওই বিশেষ ভঙ্গিমাটি বোল্টের নয়—এমন দাবিও করেছে চীনা প্রতিষ্ঠানটি।রেনস্কিনের মহাব্যবস্থাপক বা ইং চুন বলেছেন, ‘আকাশের দিকে দুই হাত তাক করার ভঙ্গিমাটি দারুণ। কিন্তু এর মানে এই নয় যে ওটা উসাইন বোল্টের একার ভঙ্গিমা।’ তিনি বলেন, ‘ট্রেডমার্কে এই ভঙ্গিমা ব্যবহার করে আমরা একটি শৈল্পিক বিষয় তুলে ধরেছি। ওটাতে উসাইন বোল্টকে ব্যবহার করার প্রশ্নই আসে না।’অলিম্পিক গেমসের পর বিশ্বের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের মধ্যে ট্রেডমার্ক ও বিপণনের বিষয়ে ক্রীড়াবিদদের নিয়ে শুরু হয়েছে একধরনের টানাহেঁচড়া। বোল্টের মতো অনেকেই ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর এই অসুস্থ প্রতিযোগিতার শিকার। ২০০৮ সালের বেইজিং অলিম্পিকের পর চীনের ফুজিয়ান প্রদেশের এক নারী ট্রেডমার্ক কর্তৃপক্ষের কাছে ‘উগো বোল্ট’ শীর্ষক একটি ট্রেডমার্কের আবেদন জমা দেয়। ‘উগো’ বোল্টের ডাকনাম। পরে অবশ্য ট্রেডমার্কটি আর অনুমোদন পায়নি।চীনের একটি বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক জাও জানলিং বলেন, কোনো ব্যবসাপ্রতিষ্ঠানের ট্রেডমার্কে সেলিব্রেটিদের নাম ব্যবহার করা উচিত নয়। কিন্তু দেখা যায়, ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সেটা অহরহ করে থাকে। ট্রেডমার্ক কর্তৃপক্ষও সেগুলোর অনুমোদন দেয়। তিনি বলেন, ট্রেডমার্ক আইন অনুযায়ী ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে ট্রেডমার্কের অনুমোদন দেওয়া হয়। কোনো সেলিব্রেটির নাম ট্রেডমার্কে ব্যবহার করার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট আইন না থাকায় এর অপব্যবহার রোধ করা যাচ্ছে না।জাও বলেন, যদি উসাইন বোল্টের ভঙ্গিমাটি কোনো প্রতিষ্ঠান তাদের বিপণনকৌশল হিসেবে ট্রেডমার্কে ব্যবহার করতে চায়, তাহলে সেটি অবশ্যই পারস্পরিক সমঝোতার ভিত্তিতে আইনি বাধ্যবাধকতার মধ্যে করতে হবে। চায়না ডেইলি।