বোল্টকে পেছনে ফেলল অস্ট্রেলিয়ার বিস্ময়বালক!

উসাইন বোল্টের চেয়ে জোরে দৌড়ানো সম্ভব কি না, এমন সংশয় প্রায়ই জাগে ক্রীড়াবিশ্বে। বিজ্ঞানীরাও বিষয়টি নিয়ে গবেষণা করছেন বেশ গুরুত্ব দিয়ে। ২০০৮ সালের পর থেকে বিশ্বের দ্রুততম মানবের আসনটাতে বেশ জাঁকিয়েই বসেছেন জ্যামাইকান এই অ্যাথলেট। কিন্তু সম্প্রতি তাঁর সাম্রাজ্যে হানা দিয়েছে অস্ট্রেলিয়ার ১৪ বছর বয়সী এক বিস্ময়বালক। সম্ভাবনা জাগিয়েছে কোনো একদিন বোল্টকেও পেছনে ফেলে দেওয়ার।
বয়সভিত্তিক এক প্রতিযোগিতায় ১৪ বছরের জেমস গ্যালাঘার ২০০ মিটার দৌড় শেষ করেছে ২১.৭৩ সেকেন্ডে। এই বয়সে বোল্টকেও দেখা যায়নি এত জোরে দৌড়াতে। ১৪ বছর বয়সে ২০০ মিটার দৌড় শেষ করতে বোল্টের যে সময় লাগত, তার চেয়ে .০৮ সেকেন্ড কম সময়ে ফিনিশিং লাইন স্পর্শ করতে পেরেছে অস্ট্রেলিয়ার এই বালক। এভাবেই চালিয়ে গেলে ভবিষ্যতে কোনো একদিন হয়তো বোল্টের রেকর্ডও ভেঙে দিতে পারে গ্যালাঘার। সেই সম্ভাবনা বেশ ভালোমতোই আছে তার। কিন্তু তাই বলে তার ওপর কোনো প্রত্যাশার চাপ তৈরি করতেও রাজি নন গ্যালাঘারের কোচ সারা মুলকেয়ার্নস। তিনি বলেছেন, ‘আমরা ১৪ বছর বয়সী এই ছেলের ওপর কোনো চাপ তৈরি করতে চাই না। তার তত্ত্বাবধান ভালোমতোই হচ্ছে আর সে নিশ্চিতভাবেই আমাদের জুনিয়র প্রোগ্রামের অংশ থাকবে। যদিও সে নিজে খুবই উত্তেজিত হয়ে আছে।’
২০০৮ সালে মাত্র ২২ বছর বয়সে ২০০ মিটার দৌড়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছিলেন উসাইন বোল্ট। ফিনিশিং লাইন ছুঁয়েছিলেন ১৯.৩০ সেকেন্ডে। পরের বছর ১৯.১৯ সেকেন্ডে দৌড় শেষ করে নিজেই ভেঙেছিলেন নিজের রেকর্ড।