বোল্টকে প্রতিদ্বন্দ্বীদের কুর্নিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ কয়েকটি পদক্ষেপে একটা হাসি ফুটে উঠল ইয়োহান ব্লেকের ঠোঁটের কোণে। কী ছিল ওই হাসিতে? হয়তো অসহায়ত্ব। সঙ্গে গর্বও। গর্ব স্বদেশির জন্য, অনুশীলন-সতীর্থের জন্য, বন্ধুর জন্য! দৌড় শেষে ছুটে গিয়ে অভিনন্দন জানালেন উসাইন বোল্টকে। পরাজয়ের বেদনা নেই, বরং মুখে স্বতঃস্ফূর্ত হাসি। লেগে থাকলেন বোল্টের সঙ্গে সঙ্গে। বোল্টের পেছনে থেকে রুপা জেতাও তো বড় এক গর্বের ব্যাপার! ব্লেক জিতলেও কেউ অবাক হতো না। বরং সাম্প্রতিক ফর্ম তো এগিয়ে রেখেছিল তাঁকেই। সবচেয়ে কম বয়সে ১০ সেকেন্ডের কমে দৌড়ানোর রেকর্ড তাঁরই (১৯ বছর ১৯৬ দিন)। বোল্টের ফলস স্টার্টে আলোচিত গত বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৯.৯২ সেকেন্ডে। পরে ডায়মন্ড লিগে জিতলেন ৯.৮২ সেকেন্ডে। এরপর জ্যামাইকার ট্রায়ালে বোল্টকে হারালেন ৯.৭৫ সেকেন্ড সময় নিয়ে। পরশু আবার ৯.৭৫ সেকেন্ড নিয়ে ছুঁলেন নিজের সেরা সময়কে। কিন্তু অন্যদের সেরাও যে বোল্টের ধারেকাছে থাকার জন্য যথেষ্ট নয়! অসহায়ত্ব আর গর্ব মেশানো হাসি হয়তো এ জন্যই।ট্র্যাকে তুমুল প্রতিদ্বন্দ্বী হলেও এমনিতে ঘনিষ্ঠ বন্ধু। দুজনেরই কোচ গ্লেন মিলস। শুধু অনুশীলন করাই নয়, একসঙ্গে অনেক সময় কাটান দুজন। নিজের হারে মোটেও ব্যথিত নন ২২ বছর বয়সী ব্লেক, বরং নিজের অর্জনের কৃতিত্বও অনেকটা দিলেন কিংবদন্তি বন্ধুকে, ‘আমি মোটেও হতাশ নই। কেউ জেতে, কেউ হারে। অলিম্পিকে এসে একটা পদক পাওয়াই অনেক। উসাইন বিশ্বজয়ী, বিশ্বের দ্রুততম মানব। প্রথম অলিম্পিকে এসেই পদক পেয়েছি এবং এর কৃতিত্ব অনেকটাই উসাইন ও আমাদের কোচের। উসাইন আমাকে অনেক উৎসাহ দিয়েছে। চেষ্টা করেছে আমাকে স্থির রাখতে যাতে প্রথম অলিম্পিকের উত্তেজনা যেন আমাকে পেয়ে না বসে।’আরেক জ্যামাইকান আসাফা পাওয়েল শুরুটা করেছিলেন দারুণ। তবে ধরে রাখতে পারেননি। শেষদিকে তো চোটের কারণে থেমে যাওয়ায় দৌড় শেষ করেছেন সবার শেষে। প্রচণ্ড হতাশ পাওয়েল, তবে জানালেন ফলটা অনুমিতই, ‘চোট পাওয়ায় আমি নিজেকে টানতে পারছিলাম না। প্রচণ্ড হতাশ আমি, কারণ জানতাম একটা পদক পাবই। তবে এও জানতাম, ওরা দুজনও (বোল্ট-ব্লেক) প্রস্তুত, জানতাম এক-দুইয়ে জ্যামাইকাই থাকবে।’ব্রোঞ্জ জিতেও দেশের পতাকা নিয়ে ভিক্টরি ল্যাপ দিলেন জাস্টিন গ্যাটলিন। এবং সেটি যথার্থই। তৃতীয় হয়েছেন দুই জ্যামাইকানের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, কিন্তু তিনি তো নিজের সেরা টাইমিংই (৯.৭৯) গড়েছেন! অন্য কোনো প্রজন্মে হলে হয়তো সোনা জিততেন বিশ্ব রেকর্ড গড়ে। ডোপ পাপে ৪ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এভাবে ফিরে আসতে পেরেই তৃপ্ত গ্যাটলিন, আর মুগ্ধ বোল্টে, ‘বোল্ট অবিশ্বাস্য দ্রুতগতির। ও সবার আগে, আমরা স্রেফ চেষ্টা করতে পারি আরও জোরে দৌড়ানোর। অনেকেই মনে করেছিল আমি শেষ হয়ে গেছি। গত বছরও ভাবতে পারিনি, আমি অলিম্পিকে দৌড়াব। এই দৌড়ের অংশ হতে পেরেই তাই আমি খুশি, আমি স্রেফ পোডিয়ামে থাকতে চেয়েছিলাম।’৯.৯৮ সেকেন্ড সময় নিয়েও সপ্তম হওয়া ত্রিনিদাদের রিচার্ড টমসনের কণ্ঠেও ছিল অসহায়ত্ব, ‘বোল্ট অবিশ্বাস্য। পুরো বিশ্ব বলে ও অপরাজেয়, ও আসলেই তা-ই।’ অনেক হুংকার ছুড়েও কিছু করতে পারেননি টাইসন গে। ৯.৮০ সেকেন্ডে চতুর্থ হওয়া মার্কিন স্প্রিন্টার এখন ২০০ মিটার নিয়েও খুব একটা আশাবাদী হতে পারছেন না, ‘আমি স্রেফ চেষ্টাই করতে পারি।’ এএফপি, রয়টার্স।