বোল্টকে বিগ ব্যাশে আনছেন ওয়ার্ন
ক্রিকেটের প্রতি ভালোবাসার কথা অনেক আগে থেকেই জানিয়ে আসছেন উসাইন বোল্ট। এবার হয়তো ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামার স্বপ্নটা সত্যি হতে যাচ্ছে কিংবদন্তি এই অ্যাথলেটের। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে হয়তো ক্রিকেট মাঠে দেখা যেতে পারে বোল্টকে। তাঁকে বিগ ব্যাশে আনতে তত্পর হয়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটের কিংবদন্তি শেন ওয়ার্ন।এবারের লন্ডন অলিম্পিকে টানা দ্বিতীয়বারের মতো তিনটি ইভেন্টে সোনা জিতে কিংবদন্তির কাতারে নিজেকে বেশ ভালোই প্রতিষ্ঠা করেছেন উসাইন বোল্ট। তবে শুধু ট্র্যাকেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না জ্যামাইকার এই অ্যাথলেট। খেলতে চান পছন্দের খেলা ক্রিকেটও। অ্যাথলেটিকসের জগতে আসার আগে কিছুদিন জুনিয়র পর্যায়ের ক্রিকেট খেলেছেন বোল্ট। আর এবার পেশাদার ক্রিকেটে পা রাখতে যাচ্ছেন বিশ্বের দ্রুততম মানব। অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে খেলার ব্যাপারে এরই মধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করেছেন সাবেক অসি লেগস্পিনার শেন ওয়ার্ন। সম্প্রতি অস্ট্রেলিয়ার চ্যানেল নাইন টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাত্কারে বোল্ট বলেছেন, ‘ওয়ার্ন আমার সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছেন, সত্যিই আমি ক্রিকেট খেলতে চাই কি না। রাজি থাকলে তিনি উদ্যোগ নেবেন। এখন দেখা যাক আমি সত্যিই সুযোগ করতে পারি কি না। আমি চেষ্টা করব।’টানা দ্বিতীয় মৌসুমের মতো মেলবোর্ন স্টার্সের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন শেন ওয়ার্ন। এবারের মৌসুমে তারকা অ্যাথলেট উসাইন বোল্টকে নিজের দলে ভেড়াতে বেশ তত্পর সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটার। সম্প্রতি এক টুইটবার্তায় তিনি লিখেছেন, ‘আমাদের কথা হয়েছে। অলিম্পিক কিংবদন্তি উসাইন বোল্টকে আমরা এবারের বিগ ব্যাশে দেখতে চাই। সবাই এই প্রত্যাশা ধরে রাখুন, আর আমি এটা সত্যি করতে চেষ্টা চালিয়ে যাব।’ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের প্রতি ভালো লাগার কথাটা আলাদাভাবেই জানিয়েছেন উসাইন বোল্ট। এখানে ব্যাটসম্যানদের যে আক্রমণাত্মক ভঙ্গি দেখা যায়, সেটা তাঁর বিশেষভাবে পছন্দ। নিজে কেমন পারফরম্যান্স দেখাতে পারবেন, সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে না পারলেও সর্বোচ্চ চেষ্টাটা করে যাওয়ার অঙ্গিকার করেছেন জ্যামাইকার এই অ্যাথলেট। তিনি বলেছেন, ‘আমি টি-টোয়েন্টি খুবই পছন্দ করি। এটা খুব উত্তেজনাকর খেলা। ব্যাটিংয়ের সময় ব্যাটসম্যানদের আগ্রাসী ভঙ্গিটা আমার খুবই ভালো লাগে। আমি যদি বিগ ব্যাশে খেলার সুযোগ পাই, তাহলে নিশ্চিতভাবেই আমার সর্বোচ্চ চেষ্টাটা করব। আমি এখনো জানি না, খেলাটাতে আমি কতটা ভালো করতে পারব। সম্ভবত আমাকে অনেক অনুশীলন করতে হবে।’আগামী ৭ ডিসেম্বর শুরু হবে অস্ট্রেলিয়ার ঘরোয়া এই টি-টোয়েন্টি লিগ। টাইমস অব ইন্ডিয়া।