বোল্টকে বোতল মারা ব্যক্তি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া বিশ্বকে আরও একবার হতবাক করে দিয়ে অলিম্পিকে নতুন রেকর্ড গড়েছেন উসাইন বোল্ট। গতকাল বিশ্বের দ্রুততম এই মানব দৌড় শেষ করেছেন মাত্র ৯.৬৩ সেকেন্ডে। তবে ইতিহাস গড়া এই দৌড়ের আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হতে হয়েছিল জ্যামাইকান এই অ্যাথলেটকে। ১০০ মিটার দৌড় শুরু হওয়ার আগ মুহূর্তে বোল্টকে উদ্দেশ্য করে ট্র্যাকে বোতল ছুড়ে মেরেছিলেন এক দর্শক। আজ লন্ডন পুলিশ গ্রেপ্তারও করেছে অ্যাশলে গিল নামের ওই ব্যক্তিকে।লন্ডনের অলিম্পিক স্টেডিয়ামে কোনো ধরনের বোতল নিয়ে ঢোকা পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু অ্যাশলে গিল শুধু বোতল নিয়েই ঢোকেননি, তিনি সেটা ট্র্যাকে ছুড়েও মেরেছেন অলিম্পিকের অন্যতম সেরা আকর্ষণ ১০০ মিটার দৌড় ইভেন্টটি শুরুর ঠিক আগমুহূর্তে এবং বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্টকে লক্ষ্য করে। এই লজ্জাজনক কীর্তিটি ঘটানোর সময় গিল পুরোপুরি ‘মাতাল’ অবস্থায় ছিলেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাউথ মিলফোর্ডের বাসিন্দা অ্যাশলে গিল সেখানে একজন যন্ত্র মেরামতকারী হিসেবে কাজ করেন। তাঁর দুটি সন্তান আছে বলে প্রতিবেশীদের সূত্রে জানা গেছে। গিলের এক প্রতিবেশী জানিয়েছেন, আগে তিনি শিক্ষকতাও করতেন। তবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়ানুষ্ঠানের অন্যতম আকর্ষণীয় ইভেন্টটি শুরুর আগে তিনি বোতল ছুড়ে মারার মতো ঘটনা কেন ঘটালেন, তা এখনো জানা যায়নি। আজ তাঁকে হাজির করা হবে লন্ডনের আদালতে।— ডেইলি মেইল।