বোল্টকে সান্ত্বনাই দিয়ে যাচ্ছেন গে
‘অপরাজেয়’ উসাইন বোল্টকে হারিয়ে যেন নিজেই লজ্জায় পড়ে গেছেন টাইসন গে। বোল্টের হার যে ‘নিছক দুর্ঘটনা’ এটা প্রমাণে যেন যারপরনাই ব্যস্ত হয়ে উঠেছেন এই আমেরিকান। স্টকহোম ডায়মন্ড লিগের ১০০ মিটার স্প্রিন্টে বোল্টকে হারানোর পরই বলেছিলেন, ‘বোল্ট খারাপ করেছে বলেই আমি জিতেছি।’ এবার বললেন, বোল্ট পুরোপুরি ফিট ছিল না। শুধু তা-ই নয়, সামনে আরও অনেক বিস্ময় নাকি উপহার দেবেন বোল্ট।‘উসাইনকে হারানোর অনুভূতি দারুণ, তবে সত্যিটা হলো, আমি জানি সে শতভাগ ফিট নয়। উসাইন ওর সীমাবদ্ধতা জানে। এ বছর ওর লক্ষ্য ছিল অপরাজিত থাকা, বিশ্ব রেকর্ড গড়া নয়। ওর ঝুলিতে এখনো অনেক কিছুই বাকি আছে। পুরো ফিট বোল্টকে হারানোটা হলো আসল ব্যাপার, আমার দৃষ্টি সেদিকেই’—বোল্টকে প্রথমবারের মতো হারানোর পর বলেছেন গে। স্টকহোমে ৯.৮৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন গে, ০.১৩ সেকেন্ড সময় বেশি নিয়ে দ্বিতীয় বোল্ট। দুজনেই তাঁদের সেরা সময় থেকে পিছিয়ে ছিলেন অনেক।সেদিন দৌড় শুরু হওয়ার আগে দুবার বাধা পেয়েছিলেন। বোল্ট জানালেন এতে ছন্দটা একটু নষ্ট হয়েছিল তাঁর, ‘আমি প্রস্তুত হয়ে গিয়েছিলাম কিন্তু দুবার দেরি হওয়াটা আমাকে অস্থির করে তুলেছিল। অবশ্য টাইসন আমার চেয়ে ভালো অবস্থায় ছিল, ওর প্রস্তুতি আমার চেয়ে ভালো ছিল।’ তবে এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছেন না অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন। পরাজয়ের কারণ বলতে গিয়ে স্প্রিন্টের রাজা অনেকটাই হয়ে গেলেন দার্শনিক, ‘হার যেকোনো দিনই আসতে পারে। জীবনে খারাপ দিন, ভালো দিন আসেই। আমাকে আরও পরিশ্রম করতে হবে। প্রথম ১০ মিটারে আমি ছিলাম জঘন্য।’টানা ১৪টি স্প্রিন্ট জয়ের পর হারলেন বোল্ট। তবে ১০০ মিটারে এখনো এ বছরের সেরা টাইমিংটা (৯.৮২ সেকেন্ড) আসাফা পাওয়েলের সঙ্গে যৌথভাবে বোল্টের। বোল্ট, গে ও পাওয়েল—বিশ্বসেরা তিন স্প্রিন্টারের আরেকটি রোমাঞ্চকর লড়াই দেখা যেতে পারে ২৭ আগস্ট; ব্রাসেলসের ট্র্যাকে নামার কথা তিনজনেরই। ওয়েবসাইট।