বোল্টকে হারিয়ে দিলেন ব্লেক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন অলিম্পিকে ইয়োহান ব্লেককেই মনে করা হচ্ছে উসাইন বোল্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অনুমানটা যে মিথ্যা নয়, সেটা এবার ট্র্যাকেই প্রমাণ করে দিলেন ব্লেক। পরশু জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালের ১০০ মিটারে অলিম্পিক ও বিশ্ব রেকর্ডধারী বোল্টকে হারিয়ে দিয়েছেন ব্লেক। মানে বিশ্ব চ্যাম্পিয়ন ব্লেক এখন জ্যামাইকারও চ্যাম্পিয়ন।বোল্টকে হারাতে ট্র্যাকে বিশেষ কিছুই করতে হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ব্লেককে। ক্যারিয়ার এবং এ বছরের সেরা সময় তো বটেই; ইতিহাসেরই চতুর্থ দ্রুততম সময় করেছেন ব্লেক (৯.৭৫ সেকেন্ড)। দ্রুততম সময়ের হিসাবে তাঁর আগে কেবল বোল্ট (৯.৫৮), টাইসন গে (৯.৬৯) এবং পাওয়েল (৯.৭২)। হারলেও বোল্ট অলিম্পিকে জায়গা করে নিয়েছেন ঠিকই। বাজে শুরুর পরও ৯.৮৬ সেকেন্ড সময় করে হয়েছেন দ্বিতীয়। ৯.৮৮ সেকেন্ড সময় করে তৃতীয় হয়ে আসাফা পাওয়েলও নিশ্চিত করেছেন অলিম্পিকে যাওয়া। জয়ের পর ব্লেক ভেসেছেন উচ্ছ্বাসে, ‘কোনো চাপ ছিল না...সবকিছুই ছিল দারুণ। আমি স্রেফ ভাগ্যবান। আমি এখন জ্যামাইকার জাতীয় চ্যাম্পিয়ন। এ রকম কিছু করতেই আমি অলিম্পিকে যাব।’ বোল্টকে হারানোর আত্মবিশ্বাসটা নাকি পুরে দিয়েছিলেন তাঁর কোচ গ্লেন মিলসই, যিনি আবার বোল্টেরও কোচ। ‘কোচ (গ্লেন) মিলসই বলেছিলেন, আমি এটা করতে পারি। আমারও বিশ্বাস ছিল’—বলেছেন ব্লেক।আর বোল্টের কথা, ‘কোনো সন্দেহ-ই নেই সে জাত দৌড়বিদ। বছরজুড়েই আমি বলে আসছি, সে অন্যতম সেরা। কাজেই এটিও আমার ও রকমই এক অনুভূতি।’ বাজে শুরু নিয়ে বলেছেন, ‘ফাইনালে নেস্টা (কার্টার) আমার পাশে চলে এসেছিল। কাজেই গুলি ছোড়ার সময় আমি মনোযোগী ছিলাম না।’ তবে লন্ডন অলিম্পিক নিয়ে আশাবাদী বোল্ট।মেয়েদের ১০০ মিটারে ভেরোনিকা ক্যাম্পবেল-ব্রাউন ও কেরন স্টুয়ার্টকে হারিয়ে প্রথম হয়েছেন শেলি-আন ফ্রেসার। তিনি সময় করেছেন ১০.৭০ সেকেন্ড, ২০০ মিটারে দুবারের অলিম্পিক জয়ী ব্রাউন সময় করেছেন ১০.৮২ সেকেন্ড।এদিকে পা-হীন অ্যাথলেট অস্কার পিস্টোরিয়াসের অলিম্পিকের ৪০০ মিটারে দৌড়ানোর স্বপ্নটা ভেঙে গেছে। অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য ৪৫.৩০ সেকেন্ড সময় করতে হতো। কিন্তু পরশু দক্ষিণ আফ্রিকার ট্রায়ালে কৃত্রিম পায়ের এই স্প্রিন্টার দ্বিতীয় হয়েছেন ৪৫.৫২ সেকেন্ড সময় করে। এএফপি, রয়টার্স।