বোল্টকেও হারিয়ে দিতেন জনসন!

উসাইন বোল্টের চেয়ে দ্রুত দৌড়াতে পারেন কে?
আপাতত এই প্রশ্নের উত্তর, কেউ না।
প্রায় সাত শ কোটি মানুষের এই গ্রহে এখন পর্যন্ত তাঁর চেয়ে দ্রুত কাউকে খুঁজে পাওয়া যায়নি। একজন অবশ্য আছেন যিনি বিশ্বাস করেন তিনি বোল্টের চেয়েও ভালো। এখন দৌড়াতে পারলে নাকি হারিয়ে দিতেন বোল্টকেও!
কে সেই ‘অতিমানব’? বেন জনসন। হ্যাঁ, একসময় বিশ্বের দ্রুততম মানব ছিলেন তিনিও। ১৯৮৭ সালে রোমের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারে রেকর্ড (৯.৮৩ সেকেন্ড) গড়েছিলেন। পরে নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন ১৯৮৮ সালের সিউল অলিম্পিকে (৯.৭৯ সেকেন্ড)। কিন্তু তাঁর সেরা টাইমিংও বোল্টের বিশ্ব রেকর্ডের (৯.৫৮ সেকেন্ড) চেয়ে অনেক বেশি। তার পরও বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে বেন জনসন নিজেকেই সেরা বলে দাবি করলেন, ‘বোল্ট ১০০ মিটার, ২০০ মিটার মিলিয়ে অলরাউন্ডার সিপ্রন্টার। কিন্তু ১০০ মিটারে বেন জনসনই সেরা।’ এখন বোল্টের সঙ্গে দৌড়াতে পারলে জিততেন কি না—এমন প্রশ্নে ৫১ বছর বয়সী সাবেক কানাডিয়ান সিপ্রন্টারের জবাব, ‘অবশ্যই। কারণ এদের কারোই আমার মতো শক্তি নেই।’
যদিও এই ‘শক্তি’র অনেকটাই জনসন পেয়েছিলেন পারফরম্যান্স-বর্ধক ড্রাগ নিয়ে। ডোপ কেলেঙ্কারিতে জনসন নিষিদ্ধ হয়েছিলেন, কেড়ে নেওয়া হয়েছিল তাঁর বিশ্ব রেকর্ড আর অলিম্পিক শিরোপা। তবে জনসনের দাবি, তাঁর সমসাময়িক সব অ্যাথলেটই নাকি এমন একটু-আধটু ড্রাগ নিতেন, ‘ওই সময়ে সবাই-ই এ কাজটা করত। আমি ভাবলাম, ওরা করতে পারলে আমার ভালো সেজে বসে থেকে কী লাভ!’ শুধু তা-ই নয় এখনো অনেক অ্যাথলেট এই অনৈতিক ব্যাপারটির সঙ্গে জড়িত বলে মনে করেন জনসন, ‘মাদকের ধরন এখন অনেক বদল হয়েছে। গত ২৫ বছরে প্রযুক্তিও অনেক এগিয়েছে। আর এটার জন্য সবাই ঝুঁকি নিতেও রাজি থাকে।’ এএফপি।