বোল্টদের জন্য নিয়ম পাল্টাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত উসাইন বোল্ট অনায়াসে জিতলেন ২০০ মিটারে। কিন্তু তাতেও কি ১০০-র দুঃখ ঘোচে! ফলে আলোচনাটা থেকেই যাচ্ছে, একবারের ফলস স্টার্টেই বহিষ্কৃত করার নিয়মটা বেশি কঠোর হয়ে গেছে কি না। দ্বিতীয়বার সুযোগ দেওয়ার পুরোনো নিয়মেই ফিরে যাওয়ার পক্ষে অনেকেই। কিন্তু তাতে কান দিচ্ছে না আন্তর্জাতিক অ্যাথলেটিকস সংস্থা (আইএএএফ)। বোল্টের মতো তারকাদের বাঁচাতে নিয়ম পরিবর্তন করা হবে না বলেই জানিয়ে দিয়েছেন সংস্থাটির প্রধান ল্যামাইন ডিয়াক।ডিয়াক এক কথায় উড়িয়ে দিয়েছেন এই সম্ভাবনা, ‘কোনো সুযোগই নেই।’ ডিয়াক অবশ্য নিজেও স্বীকার করছেন, তাঁর চোখেও এবারের আসরের সবচেয়ে বড় ঘটনা ১০০ মিটারে বোল্টের বহিষ্কৃত হওয়া। কিন্তু তার পরও আইন আইন-ই, এ কথাই মনে করিয়ে দিয়েছেন তিনি, ‘বোল্টের ফলস স্টার্টটাই আমার কাছে সবচেয়ে বড় বিস্ময় হয়ে এসেছে। এমনটা আশাই করিনি। তবে এই নিয়মটা আমি পছন্দ করি। এই নিয়মের জন্য আমি কাজ করেছি। ভোটও দিয়েছি। এর আগে প্রত্যেক অ্যাথলেটের একটা করে ফলস স্টার্টের সুযোগ ছিল। এর ফলে আটটা ফলস স্টার্টও কিন্তু হতে পারত। টিভি দর্শকের কথা ভেবে দেখুন...সবার জন্যই এটা তো খুবই বিরক্তিকর হতো।’বোল্টের পর ১১০ মিটার হার্ডলসের অলিম্পিক চ্যাম্পিয়ন ডেরন রবলেসও বহিষ্কৃত হন। পাশের লেনে থাকা লিউ শিয়াংয়ের শরীরের সঙ্গে ছোঁয়া লাগাতেই সোনা কেড়ে নেওয়া হয় রবলেসের। তারকাদের স্বার্থে নিয়মের ছাড় দেওয়া উচিত বলে কেউ কেউ বলছিলেন। কিন্তু ডিয়াক এই মতের পক্ষে নন, ‘আমি বরং বহিষ্কারের পক্ষেই। ও যদি লিউয়ের পথরোধ করে, তাহলে তো ওকে বহিষ্কৃতই হতে হবে। আপনি তো ওর অপরাধের জন্য বাকিদের বলতে পারেন না তোমরা আবার দৌড় শুরু করো। মিস্টার রবলেস যদি মিস্টার লিউয়ের পথে বাধা সৃষ্টি করেন তাহলে আপনি কী করে আট অ্যাথলেটের বাকিদের বলতে পারেন আবার দৌড় শুরু করতে?’ রয়টার্স।