বোল্টরাই ম্যাকলাউডের প্রেরণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১১০ মিটার হার্ডলসে জয়ের পর ওমার ম্যাকলাউড l এএফপি
১১০ মিটার হার্ডলসে জয়ের পর ওমার ম্যাকলাউড l এএফপি

ট্র্যাকের সঙ্গে তাঁর সম্পর্ক ছোটবেলা থেকেই। কিন্তু পেশাদার ক্যারিয়ার বলতে যা বোঝায়, সেটি আসলে শুরু গত বছর জ্যামাইকান চ্যাম্পিয়নশিপ দিয়ে। আর ক্যারিয়ার শুরুর এক বছরের মাথায় অলিম্পিক চ্যাম্পিয়ন। ওমার ম্যাকলাউডের উচ্ছ্বাস তো বাঁধনহারা হবেই! অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে দেশকে প্রথম সোনা এনে দিয়েছেন জ্যামাইকান অ্যাথলেট। সেটিও আবার এই ইভেন্টে যুক্তরাষ্ট্রের একতরফা রাজত্ব গুঁড়িয়ে দিয়ে।
অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসে যুক্তরাষ্ট্রের আধিপত্য কতটা, সেটি কয়েকটি তথ্য দিলেই বোঝা যাবে। এই ইভেন্টে এর আগের ২৭ বারের মধ্যে ১৯ বারই সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের কেউ। অলিম্পিকে ১১০ মিটার হার্ডলসের ১২০ বছরের ইতিহাসে এর আগে মাত্র একবার পদক তালিকায় যুক্তরাষ্ট্রের কেউ ছিলেন না। ১৯৮০ মস্কোতে ওই অলিম্পিক বর্জন করেছিল যুক্তরাষ্ট্র।
সেই যুক্তরাষ্ট্রের কেউ এবার রিওতে পদকই জিততে পারলেন না! সোনা জিততে ম্যাকলাউড সময় নিয়েছেন ১৩.০৫ সেকেন্ড। রুপাজয়ী স্পেনের অরল্যান্ডো ওর্তেগার সময় লেগেছে ১৩.১৭ সেকেন্ড, ফ্রান্সের দিমিত্রি বাসকু ব্রোঞ্জ জিতেছেন ১৩.২৪ সেকেন্ড সময় নিয়ে।
এ বছরের মার্চেই যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ইনডোর অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ৬০ মিটার হার্ডলসে। এবার রিওতেও পেলেন অলিম্পিক সোনা। ম্যাকলাউড যেন আকাশে উড়ছেন, ‘আমি ভীষণ উল্লসিত। এ অনুভূতি বর্ণনাতীত। আমি কোনো দিন স্বপ্নেও ভাবিনি একই বছরে বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক চ্যাম্পিয়ন হতে পারব। বিশ্বাস করার জন্য এখন আমার নিজেকেই নিজে কয়েকবার বলতে হবে—তুমি অলিম্পিক চ্যাম্পিয়ন।’
রিও অলিম্পিকে গতকাল পর্যন্ত জ্যামাইকার এটি তৃতীয় সোনা, সব মিলিয়ে পঞ্চম পদক। তার আগে এবার অলিম্পিকে জ্যামাইকাকে সোনা এনে দিয়েছেন উসাইন বোল্ট ও এলেইন থম্পসন। শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ও শেরিকা জ্যাকসন জিতেছেন ব্রোঞ্জ। দুই জ্যামাইকান কিংবদন্তি বোল্ট আর ফ্রেজার-প্রাইসকেই নিজের অনুপ্রেরণা হিসেবে দেখেন ২২ বছর বয়সী ম্যাকলাউড, ‘ওদের দেখুন না। ওরা ট্র্যাকে যায়, দেশকে প্রতিনিধিত্ব করে আবার মজাও করে অনেক। সবশেষে জিতে ফিরে আসে। আমিও ওদের মতো হতে চাই। সত্যি বলতে কি, এই ব্যাপারটা ছোঁয়াচে। আপনারও ইচ্ছে হবে ওদের অনুভূতিটা কেমন, সেই স্বাদ পেতে।’
১১০ মিটার হার্ডলসে বিশ্ব রেকর্ড (১২.৮০ সেকেন্ড) যুক্তরাষ্ট্রের অ্যারিস মেরিটের, অলিম্পিক রেকর্ড চীনের লিও শিয়াংয়ের (১২.৯১ সেকেন্ড)। গত বছরের জুলাইতেই নিজের ক্যারিয়ার-সেরা ১২.৯৭ সেকেন্ড সময় করেছেন ম্যাকলাউড। তবে স্বপ্ন একদিন বিশ্ব রেকর্ডটাই নিজের করে নেওয়ার, ‘আমি তো এখনো তরুণ। সব সময় চেষ্টা করছি আরও উন্নতি করার। আশা করছি, রেকর্ডটা একদিন আমারই হবে।’ এএফপি, রয়টার্স।

অ্যাথলেটিকসের বিজয়ীরা
পুরুষ ট্রিপল জাম্প
১৭.৮৬ মিটার
ক্রিস্টিয়ান টেলর (যুক্তরাষ্ট্র)

মেয়েদের ডিসকাস থ্রো
৬৯.২১ মিটার
সান্দ্রা পেরকোভিচ (ক্রোয়েশিয়া)

পুরুষ হাই জাম্প
২.৩৮ মিটার
ডেরেক ড্রুইন (কানাডা)

১৫০০ মিটার দৌড়
৪ মি. ০৮.৯২ সে.
ফেইথ চেপএনগেটিচ কিপিয়েগন (কেনিয়া)

পুরুষ ১১০ মিটার হার্ডলস
১৩.০৫ সেকেন্ড
ওমার ম্যাকলাউড (জ্যামাইকা)