অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটারে জয়ী সানিয়া রিচার্ডস-রস জিতলেন ৪০০ মিটারে। সতীর্থ মার্কিন রায়ান বেইলি ৯.৯৩ সেকেন্ড টাইমিং করে জিতলেন ১০০ মিটারের সোনা। কিন্তু ডায়মন্ড লিগের স্টকহোম মিটটা শুক্রবার তবু অনেকটাই দর্শকশূন্য গেল। কারণ মিটটা ছিল প্রায় তারকাশূন্য। সবচেয়ে বড় কথা, উসাইন বোল্ট ছিলেন না। কোনো আন্তর্জাতিক মিটে বোল্ট না থাকলে সেটির যে এমন ঝরঝরে হাল হবে, এটা বোঝা যাচ্ছে। কেন বোল্ট আসেননি? টাকা, টঙ্কাহি কেবলম্। অলিম্পিকের ‘ডাবল ডাবল’ বিজয়ী দ্রুততম বিশ্বমানবের ফি-টা এতই বেশি যে তাঁকে আমন্ত্রণ জানিয়ে বাজেটে টান পড়তে দিতে চাননি আয়োজকেরা। এএফপি।নারী সদস্যঅগাস্টা জাতীয় গলফ ক্লাব চত্বরে পড়তে যাচ্ছে নারীর পদচিহ্ন। মর্যাদা, ঐতিহ্য, আভিজাত্যে অগাস্টা ক্লাবের আসন অনেক উঁচুতে। যুক্তরাষ্ট্রের মাস্টার্স গলফ টুর্নামেন্টের আয়োজক তারাই। কিন্তু ১৯৩৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিতর্ক ক্লাবটির সঙ্গী। আগে তো কালোরা ছিল ব্রাত্য। ১৯৯০ সালে সেই ধারা ভাঙলেও নারীদের জন্য দরজা ছিল বন্ধ। তবে বন্ধ দরজাটা খুলে যাচ্ছে শিগগিরই। আগামী অক্টোবরে ক্লাবটির প্রথম নারী সদস্য হিসেবে নাম লেখাতে যাচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস এবং অর্থ বিশেষজ্ঞ ডার্লা মোরে। নারীদের সদস্য করার দীর্ঘদিনের দাবির সঙ্গে গত এপ্রিলে সুর মেলান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও। রয়টার্স।অদলবদলদুই নগর প্রতিদ্বন্দ্বীর মধ্যে কিংবদন্তিতুল্য শত্রুতা। মাঠের লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমিও ছাড়ে না। তবে মাঠের বাইরে দুই মিলানের সাম্প্রতিক ‘মিতালি’ ইতালির ফুটবলে সাড়া জাগিয়েছে। ইন্টার ও এসি মিলান দুজন খেলোয়াড় অদলবদল করছে পারস্পরিক সমঝোতায়। এসি মিলান ফরোয়ার্ড আন্তোনিও কাসানো ইন্টারে যোগ দেওয়ার মঞ্চ তৈরি। ওদিকে জিয়ামপাওলো পাজ্জিনি ইন্টার ছেড়ে যাচ্ছেন মিলানে। পত্রপত্রিকার খবর, ইন্টারের হয়ে গত সিরি ‘আ’তে মাত্র ৫ গোল করা পাজ্জিনির জন্য মিলান খরচ করছে অতিরিক্ত ৭.৫ মিলিয়ন ইউরো। টাকার অঙ্কের চেয়ে দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর এই খেলোয়াড় অদলবদলের ব্যাপারটা চমকপ্রদই! ওয়েবসাইট।