বোল্টের অমরত্ব পাওয়ার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি হতে চেয়েছিলেন। হয়েছেন। এবার পেতে চান অমরত্ব। সেটিও পাবেন উসাইন বোল্ট? এসে গেল এই প্রশ্নের উত্তর পাওয়ার দিন।

‘লেজেন্ড’ শব্দটাকে লন্ডন অলিম্পিকে সবচেয়ে আলোচিত বানিয়ে ফেলার কৃতিত্বটা বোল্টেরই। ১০০ মিটার জেতার পর সংবাদ সম্মেলনে এসে নিজে থেকেই বলেছিলেন, ‘আমি কিংবদন্তি হতে চাই। ২০০ মিটারটা জিততে পারলেই তা হয়ে যাব।’ ২০০ মিটার জেতার পর সংবাদ সম্মেলনে ঢুকেছিলেন ‘আই অ্যাম আ লেজেন্ড’ ‘আই অ্যাম আ লেজেন্ড’ বলতে বলতে।
দুটোর মধ্যে কি খুব পার্থক্য আছে? কিংবদন্তি হয়ে যাওয়া মানেই কি অমরত্ব পেয়ে যাওয়া নয়! নাকি তা জেনেবুঝেও নিজেকে তাতিয়ে তুলতেই নতুন একটা প্রেরণা খুঁজে নিয়েছেন বোল্ট?
কারণ যা-ই হোক, কিংবদন্তির পর এখন অলিম্পিকের নতুন ‘থিম সং’ এই অমরত্ব। যে অমরত্বের পথে প্রথম ধাপটি পেরিয়ে গেছেন বোল্ট। টানা দুটি অলিম্পিকে ১০০ মিটার জেতার কীর্তিতে অংশীদার ছিলেন কার্ল লুইস। জয়ের হ্যাটট্রিক করে ঝেড়ে ফেলেছেন তাঁকে। এবার আরেকটি হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে ‘বজ্রবিদ্যুৎ।’ পুরুষদের ২০০ মিটারে টানা তিনবার দূরে থাক, বোল্ট ছাড়া আর কেউ দুবারও জিততে পারেননি। বোল্টের জন্য তাই এটি নিজেকে ছাড়িয়ে যাওয়ার লড়াই।
অনেক দিন ধরেই তো তা-ই। আগে কেউ কখনো যা করতে পারেনি, সেটি করার নামই উসাইন বোল্ট। ২০০ মিটার জিতলে আরও অনেক ‘প্রথম’-এর সঙ্গে জড়িয়ে যাবে তাঁর নাম। সবচেয়ে উল্লেখযোগ্য মনে হচ্ছে এই দুটিকে—
এক. অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ মিলিয়ে একই ইভেন্ট টানা সাতবার জেতার প্রথম কীর্তি হবে।
দুই. বয়স ২৯ হয়ে যাওয়ার পর ২০০ মিটার জয়ের প্রথম কীর্তিও। বোল্ট জিতবেন ২৯ বছর ৩৬৩ দিন বয়সে।
সবচেয়ে বেশি বয়সে অলিম্পিকে ২০০ মিটার জয়ের রেকর্ড এখন মাইকেল জনসনের। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকে জিতেছিলেন ২৮ বছর ৩২৩ দিন বয়সে। অবিশ্বাস্য এক বিশ্ব রেকর্ড গড়ে। জনসনের ১৯.৩২ সেকেন্ডের সেই রেকর্ড অ্যাথলেটিকস ইতিহাসে এক বিস্ময় হয়ে ছিল প্রায় এক যুগ। নিজেরই আগের রেকর্ড থেকে জনসন কমিয়ে ফেলেছিলেন সেকেন্ডের প্রায় তিন দশমাংশ। ২০০ মিটারের রেকর্ড এক ধাক্কায় এতটা আর কমেনি কখনো।
জনসনের সেই রেকর্ড ভেঙেই বেইজিংয়ে বোল্টের ‘স্প্রিন্ট ডাবল’ এবং একই সঙ্গে তাঁর ভাষায় কিংবদন্তি হওয়া। ১৯.৩০ সেকেন্ডের সেই রেকর্ড পরের বছরই আবার ভাঙেন। বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেটিকে নামিয়ে আনেন ১৯.১৯ সেকেন্ডে। সাত বছর ধরে এটি সেখানেই স্থির। এবার বোল্ট পণ করেছেন তা ভেঙে দেবেন বলে। সেটিও ১৯ সেকেন্ডের কমে দৌড়ে। তা করতে পারলে আরেকটি ‘প্রথম’ হবে এবং বোল্ট-মহিমাও আকাশ ছোঁবে।
কিন্তু সত্যিই কি তা পারবেন বোল্ট? ৩০ বছরের চোট-জর্জর এই শরীরের ক্ষমতা আছে ২৩ বছরের বোল্টের কীর্তি ছাড়িয়ে যাওয়ার? তার ওপর এই মৌসুমে তাঁর দ্রুততম সময় যেখানে ১৯.৮৯ সেকেন্ড। গত মাসে লন্ডনে অ্যানিভার্সারি গেমসে। যেটির চেয়ে কম সময় আছে আরও চারটি। মৌসুমের সেরা সময় লশন মেরিটের ১৯.৭৪ সেকেন্ড। যুক্তরাষ্ট্রের অলিম্পিক ট্রায়ালে জাস্টিন গ্যাটলিনও দৌড়েছেন ১৯.৭৫ সেকেন্ডে। বোল্ট নিজে তাঁর বিশ্ব রেকর্ডের সবচেয়ে কাছাকাছি এসেছিলেন গত অলিম্পিকে। তবে সেটি শুধু জনসনের বিশ্ব রেকর্ড টাইমিংকেই ছুঁতে পেরেছিল (১৯.৩২)। বোল্টের রেকর্ডের পর দ্বিতীয় দ্রুততম সময়ে ২০০ মিটার দৌড়েছেন সতীর্থ ইয়োহান ব্লেক। ১৯.২৬ সেকেন্ডে এবং তা সেই ২০১১ সালে।
তবে বোল্ট যখন বলছেন, সব বুঝেশুনেই বলছেন। জয় নিশ্চিত হয়ে যাওয়ার পর আয়েশি পদক্ষেপ ফেলা যে বোল্ট সবার চেনা হয়ে গেছে, ২০০ মিটারে অন্তত সেটি হচ্ছে না। মঙ্গলবার সকালে নিজের হিটও জিতলেন শেষ দিকে আয়েশি ভঙিতে দৌড়েই। সময় নিলেন ২০.২৮ সেকেন্ড। এরপর আবারও বললেন বিশ্ব রেকর্ড ভাঙাটা তাঁর অগ্রাধিকার তালিকায়ই আছে। হিটের সময়টা মনে করিয়ে দেওয়ায় অবজ্ঞাভরে বলেছেন, ‘এটা তো শুধুই হিট।’ তা ছাড়া দৌড়াতে হয়েছে সকালে এবং তিনি মোটেই ‘আার্লি মর্নিং পারসন’ নন—মনে করিয়ে দিয়েছেন এটাও।
সেমিফাইনাল ও ফাইনাল দুটিই রাতে। মানে বোল্টের পছন্দমতো সময়ে। পাঠকের হাতে পত্রিকা যাওয়ার আগেই সেমিফাইনাল হয়তো শেষও হয়ে গেছে (রিওর বুধবার রাত ১০টা ৮ মিনিট, বাংলাদেশে বৃহস্পতিবার সকাল ৭টা ৮ মিনিট)। ফাইনাল আজ রিওর রাত সাড়ে ১০টায় (বাংলাদেশে আগামীকাল সকাল সাড়ে ৭টা)।
১০০ মিটারে সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে মাত্র ১ ঘণ্টা ২০ মিনিট ব্যবধান খুব চটিয়েছিল বোল্টকে। সেদিনই বলেছেন, ২০০ মিটারের সেমিফাইনাল ও ফাইনালের মাঝখানে যদি একটা রাত বিশ্রামের সুযোগ পান, তাহলে বিশ্ব রেকর্ড ভাঙতে নিজেকে নিংড়ে দেবেন।
সেটি পাচ্ছেন। এবার তাঁর কথা রাখার পালা।