বোল্টের আবার লন্ডন জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উসাইন বোল্ট
উসাইন বোল্ট

আজ থেকে ঠিক এক বছর আগে মশাল জ্বলেছিল লন্ডন অলিম্পিকে। যে অলিম্পিকে পরে সবটুকু আলো কেড়ে নিয়েছিলেন উসাইন বোল্ট। লন্ডন অলিম্পিকের বর্ষপূর্তির ঠিক আগের রাতে আবারও লন্ডন জয় করলেন ইতিহাসের দ্রুততম মানব। লন্ডন ডায়মন্ড লিগ মিটে ১০০ মিটারে জিতে বুঝিয়ে দিলেন আগামী মাসে শুরু হতে যাওয়া বিশ্বচ্যাম্পিয়নশিপের জন্যও তিনি প্রস্তুত। ডায়মন্ড লিগ মিটের রাতটা এদিন নিজের করে নিতে বসেছিলেন ইউক্রেনীয় উচ্চ লম্ফবিদ বোহদান বনদারেঙ্কো। ২০ বছরের পুরোনো বিশ্ব রেকর্ডটা একটুর জন্য ভেঙেই দিয়েছিলেন প্রায়। শেষ পর্যন্ত মূল নায়ক বোল্টই। ৯ দশমিক ৮৫ সেকেন্ড টাইমিং গড়ে ফিনিশিং লাইন সবার আগে ছুঁয়েছেন। যদিও আবারও

তাঁর শুরুটা হয়েছিল ধীর গতির। শেষ ৩০ মিটারে ঝেড়ে দৌড় দিয়েছেন বলেই রক্ষা। নয়তো অনেক পিছিয়েই ছিলেন এই জ্যামাইকান। ২০১১ বিশ্বচ্যাম্পিয়নশিপে সেই ফলস স্টার্টের ভূত তাড়াতে এবার সামান্য ঝুঁকিও নেওয়া চলবে না। বোল্ট নিজেও তাঁর শুরুটা নিয়ে চিন্তিত, ‘আমার স্টার্টটা খুব বাজে হচ্ছে। এটা নিয়ে কাজ করতে হবে। নিখুঁত একটা দৌড় দিতে আমাকে ভালো একটা শুরু করতেই হবে।’এই দুশ্চিন্তা আড়ালে রেখে লন্ডনে ফিরে আসার মুহূর্তটা অবশ্য বেশ উপভোগই করেছেন, ‘লন্ডনে আবার আসতে পেরে খুবই রোমাঞ্চিত। এখানকার দর্শকেরা এত উত্সাহ দিয়ে থাকেন! এটা সত্যিই দারুণ, আমি খুব ভালোবাসি। এটাই আমাকে আরও জোরে দৌড়াতে অনুপ্রাণিত করে। এ কারণেই এখানে আসতে পারাটা দারুণ এক অভিজ্ঞতা।’ রয়টার্স।