বোল্টের আলোয় আলোকিত বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব অ্যাথলেটিকসে বছরটা ছিল দুই জ্যামাইকানেরই। মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের মতো মেয়েদের বিভাগে শেলি-অ্যান ফ্রেসারও জিতেছেন ‘ট্রেবল’ ।  ফাইল ছবি
বিশ্ব অ্যাথলেটিকসে বছরটা ছিল দুই জ্যামাইকানেরই। মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপে উসাইন বোল্টের মতো মেয়েদের বিভাগে শেলি-অ্যান ফ্রেসারও জিতেছেন ‘ট্রেবল’ । ফাইল ছবি

নিউ কিংস্টনের এক বহুতল ভবনের সাততলাজুড়ে বিশালাকৃতির বিলবোর্ডে এক ছবি। দুই হাত প্রসারিত করে উল্টো পিঠ করে দাঁড়িয়ে উসাইন বোল্ট। বাহুর ফুলে ওঠা তেল-চকচকে পেশিগুলো যেন ঢেউ খেলছে। উল্টো পিঠ করে দাঁড়ালেও মুখখানা ঘুরিয়ে স্বপ্নময় চোখে তাকিয়ে আছেন সুদূরে।
জ্যামাইকার বাণিজ্যিক রাজধানীতে বসানো বিলবোর্ডটা এক মুঠোফোন কোম্পানির। তবে মুঠোফোন প্রতিষ্ঠানের শুধু প্রচারণাই করছে না, এই গ্রহের দ্রুততম মানব যেন স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছেন। ছবির ওপরে লেখা ছোট্ট একটা বাক্য—‘লক্ষ্য ও স্বপ্ন পূরণের জন্য দরকার শক্ত কাঁধ’।
বোল্টের এই বিজ্ঞাপনী চিত্রটাকে ধরে নিতে পারেন এ বছরের বিশ্ব অ্যাথলেটিকস অঙ্গনের প্রতীকী ছবিও। ২০১৩ সালের বিশ্ব অ্যাথলেটিকসের পাতা খুললে সবকিছুর আগে ভেসে উঠবে বোল্টের ছবিটাই। সব নেতিবাচক খবর আর বিতর্ককে চাপা দিয়ে বরাবরের মতো এবারও বিশ্ব অ্যাথলেটিকসে আলো ছড়িয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়নই। ট্র্যাকে গতির ঝড় তুলে উঁচিয়ে ধরেছেন বিশ্বের হাজারো প্রতিভাবান তরুণ অ্যাথলেটের স্বপ্নের ঝান্ডা।
সকালের সূর্য সব সময় দিনের সঠিক পূর্বাভাস দেয় না। এই বিদায়ী বছরে বিশ্ব অ্যাথলেটিকসে অন্তত সেটি ভালোই প্রমাণিত। বোল্ট মৌসুমটা শুরু করেছিলেন হার দিয়ে। সেটি ৬ জুন রোমে নিজের প্রথম মিটেই বোল্ট ১০০ মিটারে হেরে যান যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিনের কাছে। এরপর বোল্টকে নিয়ে শুরু হলো নানা জল্পনা-কল্পনা।
বোল্ট জল্পনা-কল্পনার সঙ্গে ছড়াচ্ছিল মস্কো বিশ্বচ্যাম্পিয়নশিপের রোমাঞ্চও। কিন্তু হঠাৎ করেই বিশ্ব অ্যাথলেটিকস অঙ্গন কেঁপে উঠল নেতিবাচক এক খবরে। নিজেই ডোপপাপের কথা স্বীকার করে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করলেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের টাইসন গে। গের ‘পাপের’ খবরের হাত ধরে জম্ম আরও বড় খবরের। ডোপ টেস্টে ধরা পড়েন ১০০ মিটারে সাবেক বিশ্ব রেকর্ডধারী আসাফা পাওয়েল ও তিনবারের অলিম্পিক সোনাজয়ী ভ্যারোনিকা ক্যামবেল-ব্রাউনসহ বোল্টের সাত স্বদেশি!
এখানেই শেষ নয়, মেয়েদের ১৫০০ মিটারে অলিম্পিক সোনাজয়ী অ্যাসলি কাকির আলতেকিনসহ ডোপ পরীক্ষায় ধরা পড়ে নিষিদ্ধ হন তুরস্কের ৩৬ জন অ্যাথলেট। এই ঘটনাও নাড়িয়ে দিয়েছে অ্যাথলেটিকস বিশ্বকে। গে-পাওয়েল-ক্যামবেলদের ডোপপাপের খবর বিশ্ব অ্যাথলেটিকসকে শুধু কলঙ্কিতই করেনি, এই তারকারা না থাকায় মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপ বিবর্ণ রূপ নিতে পারে বলেও মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কাই উড়িয়ে দিয়ে আলো ছড়িয়েছেন বোল্টরা।
বোল্টের অবদানই বেশি। মস্কোতে ‘ট্রেবল’ জিতে বোল্ট ভাগ বসিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রের সাবেক দুই স্প্রিন্টার কার্ল লুইস, মাইকেল জনসন ও মহিলা স্প্রিন্টার অ্যালিসন ফেলিক্সের সর্বোচ্চ ৮ সোনা জয়ের রেকর্ডে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের পর প্যারিস-ব্রাসেলসেও বিজয় পতাকা উড়িয়েছেন গতি মানব।
মো ফারাহ, শেলি-অ্যান ফ্রেসার-প্রাইস, ইয়েলেনা ইসিনবায়েভাদের নামও বলতে হচ্ছে আলাদা করে। বোল্টের মতো তাঁর স্বদেশিনী শেলি-অ্যান প্রেসারও মস্কোতে ‘ট্রেবল’ জিতেছেন। ২০১২ লন্ডন অলিম্পিকের পর মস্কোতে ৫ হাজার ও ১০ হাজার মিটারে সোনা জিতেছেন সোমানিয়ান বংশোদ্ভূত ব্রিটেন দূরপাল্লার দৌড়বিদ মো. ফারাহ।
বিশ্ব চ্যাম্পিয়নশিপ ইসিনবায়েভার আলোতেও আলোকিত। দেশের মাটিতে জ্বললেন পোলভোল্ট রানি। ২০০৮ বেইজিং অলিম্পিকের পর এ বছরই গলায় ঝুলিয়েছেন বড় কোনো টুর্নামেন্টের সোনার পদক। মুকুট পুনরুদ্ধার করেই অবশ্য ‘সংসার জীবন’ শুরুর ঘোষণা দিয়ে ট্র্যাক থেকে ১৮ মাসের ছুটি নিয়েছেন। প্রতিশ্রুতি দিয়েছেন আবার ফিরবেন ২০১৬ রিও অলিম্পিক সামনে রেখে।
বছরের শেষ দিকেও বোল্ট এবং শেলি-অ্যান ফ্রেসার জ্যামাইকাকে আলোকিত করেছেন। দুজনই জিতেছেন বর্ষসেরা পুরুষ ও মহিলা অ্যাথলেটের পুরস্কার। বছর শেষে বোল্টের দৃষ্টি সামনে। ২০১৬ অলিম্পিককে পাখির চোখ করা জ্যামাইকান বজ্রবিদ্যুৎ একরকম ঘোষণার সুরেই বলেছেন—২০১৪ হবে ২০০ মিটারে তাঁর রেকর্ড নতুন করে গড়ার বছর। ওয়েবসাইট।