বোল্টের উচ্ছ্বাস ও হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক বছর পর লন্ডনে ফিরে উসাইন বোল্ট সেই চেনা রূপেই। পরশু লন্ডন ডায়মন্ড লিগের ১০০ মিটারে সবার আগে জ্যামাইকান বজ্রবিদ্যুত্ ষ রয়টার্স
এক বছর পর লন্ডনে ফিরে উসাইন বোল্ট সেই চেনা রূপেই। পরশু লন্ডন ডায়মন্ড লিগের ১০০ মিটারে সবার আগে জ্যামাইকান বজ্রবিদ্যুত্ ষ রয়টার্স

এক বছর আগে চোখ ধাঁধানো পারফরম্যান্স দিয়ে দ্বিতীয়বারের মতো অলিম্পিকে ট্রেবল জয়ের কীর্তি গড়েছিলেন লন্ডনে। বছর না-ঘুরতেই বোল্ট যখন সেখানে ফিরলেন, দর্শক-উন্মাদনাটা ছিল দেখার মতো। বোল্ট ৬০ হাজার দর্শককে হতাশ করেননি। শুরুটা হয়েছিল বাজে। তার পরও শেষ দিকে ঝড় তুলে বোল্ট পরশু লন্ডন ডায়মন্ড লিগের ১০০ মিটার জিতেছেন মৌসুমে ব্যক্তিগত সেরা সময় করে। সময় করেছেন ৯.৮৫ সেকেন্ড। ৯.৯৮ সেকেন্ড সময় করে দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের মাইকেল রজার্স। তৃতীয় বোল্টের স্বদেশি নেস্তা কার্টার (৯.৯৯ সেকেন্ড)।
আগামী ১০ আগস্ট থেকে শুরু হচ্ছে মস্কো বিশ্ব চ্যাম্পিয়নশিপ। তার আগে এটাই ছিল বোল্টের শেষ প্রতিযোগিতামূলক দৌড়। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে নিজের শেষ দৌড় নিয়ে বোল্ট একই সঙ্গে হতাশ এবং উচ্ছ্বসিত! হতাশাটা শুরুর আতঙ্কের কারণেই। শুরুর দুর্বলতাটা তাঁর চিরকালীন। তা ছাড়া দুই বছর আগের দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপের ক্ষতটা এখনো দগদগে। ওই ‘ফলস স্টার্ট’ হতাশা মুছে বোল্ট বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটটা পুনরুদ্ধার করতে মরিয়া।
কিন্তু এদিন দৌড় শেষে বোল্ট নিজেই নিজেকে নিয়ে ব্যক্ত করলেন হতাশা, ‘যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও শুরুটা এমন হয়, আমি সম্ভবত পঞ্চম হতে পারব। এ নিয়ে কোচের সঙ্গে আমাকে কাজ করতে হবে এবং কীভাবে ব্লক থেকে আরও দ্রুত বের হওয়া যায়, তা খুঁজে বের করতে হবে। আমি জানি, গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমি কী ভুল করেছিলাম। অলিম্পিকে আবার শুরু হয়েছিল খুবই ভালো।’
পরক্ষণেই যেন বোল্টের মনে পড়ে গেল তিনি আসলে বড় মঞ্চের নায়ক। অলিম্পিক, বিশ্ব চ্যাম্পিয়নশিপে সেরাটা তাঁর এমনিতেই বেরিয়ে আসে। আর নিজের সেই ক্ষমতাকে তাঁর চেয়ে ভালো আর কেউ চেনেন না, ‘আজ (পরশু) রাতে আমার ভালো লাগছিল এবং আমি আমার সময় নিয়ে আনন্দিত। ব্লক থেকে শুরুটা ধীরগতিতে হলেও আমি তা পুষিয়ে নিয়েছি। এই জায়গায় আমাকে অনেক উন্নতি করতে হবে। তবে আমি উদ্বিগ্ন নই। কারণ আমার মানসিক প্রস্তুতি সব সময়ই ভিন্ন এবং বড় চ্যাম্পিয়নশিপে আরও ভালো হয়। সম্ভবত মস্কোয় আমি আমার সবচেয়ে দ্রুততর এবং সেরা রূপে ফিরব।’
লন্ডনের দর্শকদেরও অভিনন্দন জানিয়েছেন ইতিহাসের সবচেয়ে দ্রুততম মানব, ‘আমি এখানে আসতে ভালোবাসি। সমর্থকেরা এত বেশি শক্তি জোগায় যে এটা আমাকে আরও দ্রুত দৌড়াতে উদ্ধুব্ধ করে।’ এএফপি।