বোল্টের কাজ সহজ হবে না: ক্রিস্টি
চার বছর আগে বেইজিংয়ে কী সহজইে না ডাবল জিতেছিলেন উসাইন বোল্ট। প্রতিদ্বন্দ্বীদের পাত্তাই ছিল না। চার বছর পর আরেকটি অলিম্পিক কড়া নাড়ছে। এবার কী হবে? এবার হয়তো ব্যাপারটা এত সহজ হবে না বিশ্বের দ্রুততম মানবের জন্য। লন্ডনে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখেই পড়তে হবে তাঁকে। চার বছরের ব্যবধানে যে এসে গেছেন অনেক প্রতিদ্বন্দ্বী। যেনতেন কেউ নন, এই ভবিষ্যদ্বাণী করেছেন অলিম্পিকেরই সাবেক দ্রুততম মানব লিনফোর্ড ক্রিস্টি।১৯৯২ বার্সেলোনা অলিম্পিকের দ্রুততম মানব ক্রিস্টির কাছে অবশ্য বোল্টই ফেবারিট। ম্যারাথনকে জনপ্রিয় করার লক্ষ্য নিয়ে ভারতের বেঙ্গালুরুতে অবস্থান করা সাবেক এই ব্রিটিশ অ্যাথলেট কাল লন্ডন অলিম্পিক নিয়ে কথা বললেন। বোল্টকে কেন কঠিন লড়াই করতে হবে ব্যাখ্যা দিলেন সেটার, ‘এবার টাইসন গে, আসাফা পাওয়েল, নেস্টা কার্টার ও অন্যরা আছে। ২০০৮ সালে বোল্ট যেভাবে জিতেছিল এবার সেটা না-ও হতে পারে। কেউ না কেউ উঠে আসবেই।’বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন বোল্টের স্বদেশি ইয়োহান ব্লেকের কথা কিন্তু ক্রিস্টি বলেননি। উসাইন বোল্টের ধ্যানজ্ঞান অবশ্য বেইজিংয়েরই পুনরাবৃত্তি করা। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ মিটে অংশ নিতে চেক প্রজাতন্ত্রের অস্ত্রাভায় থাকা বোল্ট বুধবার প্রায় ঘোষণার সুরেই বলেছেন, ‘এটা অলিম্পিক, আমি ওখানে বড় কিছু করার জন্যই যাব। বেইজিংয়ে যা করেছি সেটারই পুনরাবৃত্তি করতে চাই। এটা নিশ্চিত, আমি যদি পুরোপুরি ঠিক থাকি কারও ক্ষমতা নেই আমাকে হারায়।’ এএফপি।