বোল্টের জেগে ওঠার সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তবে কি থলের মধ্যে ধরে রাখা সব জাদু শেষ? শেষ হয়ে গেছে তূণের সব তিরও? নাকি এটাও ঝড়ের পূর্বাভাস? প্রচণ্ড ঝড় ওঠার আগে সবকিছু যেমন শান্ত হয়ে যায়! লন্ডন অলিম্পিকে ঝড় তুলবেন বলেই উসাইন বোল্ট আপাতত নিশ্চুপ আছেন?ইয়োহান ব্লেক খুব কাছের বন্ধু। একসঙ্গে অনুশীলন করেন। ট্রেনিং পার্টনার। বয়সে তিন বছরের ছোট সেই ব্লেকই বোল্টের জন্য এখন হুমকি। বোল্টের গতির রাজ্য থমকে যাচ্ছে ব্লেকের সামনে। কিছুদিন আগে জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালে বোল্ট ১০০ আর ২০০ মিটার—দুটিতেই হেরেছেন ব্লেকের কাছে। দেগু বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ১০০ মিটারের মুকুট বোল্টের কাছ থেকে কেড়ে নিয়েছেন এই ব্লেক। বোল্ট অবশ্য সেবার ফলস স্টার্ট করে বাদ পড়েছিলেন।এই শুরুটাই বোল্টকে পিছিয়ে দিচ্ছে। স্টার্টিং তাঁর দুর্বলতম দিক। নতুন ধরনের স্টার্টিং ব্লক তাঁর জন্য যেন খাঁড়ার ঘা। ব্লক থেকে দৌড় শুরু করার টাইমিংটা আরও পিছিয়েছে। এর ওপর আছে ফলস স্টার্টের স্নায়ুচাপ। শেষ মুহূর্তে দারুণ গতি বাড়িয়ে নেওয়ার ক্ষমতা আছে বলে রক্ষা। কিন্তু ব্লেককে হারাতে চাইলে বোল্টকে ঝড় তুলতে হবে শুরু থেকেই। বোল্ট অবশ্য স্টার্টিংয়ে নিজের চেয়ে বেশি দোষ দেখছেন নতুন স্টার্টিং ব্লকগুলোর, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি ওদের পুরোনো ব্লকগুলোতেই ফিরে যাওয়া উচিত। নতুনগুলো আমার জন্য খানিকটা ছোট হয়ে গেছে। আমার পায়ের পাতা অনেক বড়। নতুন এই ব্লকে সেভাবে পা রাখতে পারি না।’ওমেগার তৈরি নতুন এই ব্লক ব্যবহার করা হচ্ছে ফলস স্টার্টের টাইমিং আরও নিখুঁত করার জন্য। সময়ই বলে দেবে, সমস্যা আসলেই এই ব্লকে নাকি বোল্টের প্রতিক্রিয়ার সময়ে। সময়ই বলে দেবে, ব্লেকের চ্যালেঞ্জের পাল্টা জবাব বোল্ট দিতে পারেন কি না। জ্যামাইকার ট্রায়ালে ৯.৭৫ সেকেন্ড টাইমিং করেছেন ২৩ বছর বয়সী ব্লেক। ১০০ মিটারের ইতিহাসে তাঁর চেয়ে কম টাইমিং আছে মাত্র তিনজনের। এটা এই মৌসুমের সেরা টাইমিংও। বোল্টের গা-ঝাড়া দেওয়ার সময় এসে গেছে।কিন্তু এরই মধ্যে বোল্ট-ভক্তদের জন্য একটা দুঃসংবাদও আছে। ট্রায়ালে হ্যামস্ট্রিংয়ে হালকা চোট পেয়েছিলেন। সেটা দেখাতেই মিউনিখে ব্যক্তিগত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। ২০ জুলাইয়ের ডায়মন্ড লিগের মোনাকো মিট থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন। বোল্টের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, চোট গুরুতর কিছু নয়। অলিম্পিক বলেই নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। ওয়েবসাইট।