বোল্টের দিনে ব্লেকেরও হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দূর ভবিষ্যতে কী হবে, বলা দুষ্কর। তবে ইতিহাসের সেরা স্প্রিন্টার হিসেবে উসাইন বোল্টকে মেনে নিতে বর্তমান পৃথিবীর খুব একটা আপত্তি নেই। জ্যামাইকান বিদ্যুৎকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো যদি কেউ থাকেন, তিনি ইয়োহান ব্লেকই—বোল্টের সতীর্থ। অলিম্পিকে বোল্টের ছায়ায় ঢাকা পড়ে গিয়েছিলেন। এবার ডায়মন্ড লিগের লুসান মিটে বুঝিয়ে দিলেন সর্বকালের সেরা না হতে পারলেও দ্বিতীয় সেরা দৌড়বিদ অবশ্যই। লুসানে ১০০ মিটারে বোল্ট দৌড়াননি, তাই সবার চোখ ছিল ইয়োহান ব্লেকের ওপরই। নামের প্রতি সুবিচার তিনি করেছেন। নিজের ব্যক্তিগত সেরা টাইমিং করে (৯.৬৯ সেকেন্ড) বাকিদের থেকে অনেক ব্যবধানে এগিয়ে থেকেই শেষ করেছেন দৌড়। দ্বিতীয় হওয়া টাইসেন গে (৯.৮৩ সেকেন্ড) ও তৃতীয় নেস্টা কার্টার (৯.৯৫ সেকেন্ড) ছিলেন অনেক পিছিয়ে। ব্লেকের সামনে একমাত্র বাধা বোল্টই, মনে মনে নিশ্চয়ই ৯.৫৮ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটাকে ভাঙার ধনুকভাঙা পণ করেছেন। নিজের উচ্ছ্বাসটাও তাই লুকিয়ে রাখেননি ব্লেক, ‘আমি খুশি। আমি সারা সপ্তাহই ফ্লুতে আক্রান্ত ছিলাম, কিন্তু এখন সেটা কাটিয়ে উঠেছি। আমার কোচ (গ্লেন) মিলস বলেছিলেন, আমি ৯.৭৫ সেকেন্ডের অনেক কমেই দৌড় শেষ করতে পারব।’ নিজের আগের সেরা টাইমিং ছিল ৯.৭৫ সেকেন্ড, সেটিকে কমিয়ে আনতে পেরে ব্লেকের আনন্দটা স্বাভাবিকভাবেই বাঁধভাঙা। স্বদেশি ব্লেকের বিজয় সম্পর্কে বোল্ট একরকম ভবিষ্যদ্বাণীই করেছিলেন, ‘আমি ওকে অনুশীলনে দেখেছিলাম, আমি জানতাম সে জোরেই দৌড়াতে যাচ্ছে।’১০০ মিটারে দৌড়াননি বটে, তবে বোল্ট যে জেতার জন্যই দৌড়ান সেটা আবার দেখিয়েছেন ২০০ মিটারে। ১৯.৫৮ সেকেন্ড টাইমিং করে অনায়াসেই পেছনে ফেলেছেন হল্যান্ডের চুরান্ডি মার্টিনা ও স্বদেশি নিকেল অ্যাশমিডকে। জেতার পর স্বভাবসুলভ আমুদে ভঙ্গিতে বলেছেন দৌড়টাকে দারুণ উপভোগ করেছেন, ‘আমি অবশ্যই সন্তুষ্ট। মৌসুমের শেষে এটা ছিল বেশ ভালো একটা দৌড়। আমি এ রকম আনন্দই পেতে চেয়েছিলাম।’ মহিলাদের ১০০ মিটার দৌড়ে অবশ্য অঘটনই ঘটেছে, অলিম্পিকের সাফল্যকে লুসানে অনুবাদ করতে পারেননি জ্যামাইকার শেলি অ্যান-ফ্রেজার। লন্ডনে দ্বিতীয় হওয়া যুক্তরাষ্ট্রের কারমেলিটা জেটার তাঁকে হারিয়ে দিয়েছেন। হাড্ডাহাড্ডি এক লড়াইয়ে দুজনই শেষ করেছিলেন ১০.৮৬ সেকেন্ডে। পরে ফটোফিনিশে শেষ হাসিটা হাসেন জেটার। অঘটন ছিল ১০০ মিটার হার্ডলসেও, অলিম্পিকের সোনাজয়ী অ্যারিস মেরিট ফলস স্টার্টে বাদ পড়ে গেলে কপাল খোলে আরেক মার্কিন জেসন রিচার্ডসনের। অনুমিত ফল হয়েছে পুরুষদের ৪০০ মিটারে, অলিম্পিকের পর গ্রেনাডার ১৯ বছর বয়সী তরুণ কিরানি জেমস জিতেছেন লুসানেও। এএফপি।