বোল্টের দৃষ্টিতে ৯.৭ সেকেন্ড
ইউরোপে নিজের মৌসুমসূচক মিটেই অলিম্পিকের ডাবলজয়ী স্প্রিন্টার উসাইন বোল্টের দৃষ্টি ৯.৭ সেকেন্ডের দিকে। আগামী শুক্রবার অস্ট্রাভা মিট দিয়ে ইউরোপিয়ান মৌসুম শুরু হচ্ছে বোল্টের। ‘জ্যামাইকান বিদ্যুৎ’ চেক প্রজাতন্ত্রের মিটে নামবেন ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো। ২০০৮ বেইজিং অলিম্পিকের আগে আগে এখানে ২০০ মিটারে ১৯.৮৩ সেকেন্ড সময় নিয়ে গড়েছিলেন মিট রেকর্ড।লন্ডন অলিম্পিকের আগে চূড়ান্ত প্রস্তুতিপর্বটা এবারও যেন প্রিয় এই মিট থেকেই শুরু করতে চান ২৫ বছর বয়সী স্প্রিন্টার, ‘আমি এখানে দৌড়ানোটা উপভোগ করি এবং আমার কোচও (গ্লেন মিলস) জানেন, এটা সেই মিটগুলোর অন্যতম, যে মিটগুলোতে আমি প্রতিবছর অবশ্যই আসব।’বোল্ট মৌসুমে প্রথম ট্র্যাকে নামেন এ মাসেরই শুরুর দিকে, কিংস্টনের একটি আমন্ত্রণমূলক মিটে। ট্র্যাকে নেমেই গড়েছেন মৌসুম-সেরা সময়, ৯.৮২ সেকেন্ড। এটাই অস্ট্রাভায় আরও ভালো করতে অনুপ্রাণিত করছে বোল্টকে, ‘ভালো প্রতিযোগিতায় দৌড়ানোটা সব সময়ই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিতভাবেই এর দিকে তাকিয়ে আছি। মৌসুমের শুরুটাও হয়েছে খুব ভালো।’অস্ট্রাভায় ১০০ মিটারের রেকর্ডটি তাঁরই স্বদেশি আসাফা পাওয়েলের। ২০১০ সালে পাওয়েল দৌড়েছিলেন ৯.৮৩ সেকেন্ডে। বোল্ট এবার যা করতে চান, তা করতে পারলে সেই রেকর্ড ভেঙে যাবে, ‘অস্ট্রাভার ট্র্যাকটি দারুণ। আমি সব সময়ই এখানে খুব ভালো করি। কাজেই আমি স্রেফ সামনে তাকিয়ে আছি, যেন ভালোভাবে দৌড়াতে পারি। নিশ্চিতভাবেই আমি আমার প্রথম দৌড়ের চেয়ে দ্রুত দৌড়াতে চাইব। কারণ আমি মনে করি, আমি এখন দারুণ অবস্থায় আছি। আমার কোচ আমাকে নিয়ে খুবই খুশি। আমিও খুব খুশি। কাজেই আমি নিশ্চিতভাবেই খুব দ্রুত দৌড়াতে চাই, ৯.৭ সেকেন্ড সময়টা হবে আমার জন্য দারুণ।’আসন্ন লন্ডন অলিম্পিকে স্বর্ণপদকের প্রসঙ্গ উঠতেই বোল্টের কৌতুক, ‘যত বেশি সম্ভব জিততেই চাই।’ পরক্ষণেই সিরিয়াস হয়ে বোল্ট জানিয়ে দিলেন, বেইজিং অলিম্পিকের চেয়ে লন্ডনে আরও উন্নতি করাই তাঁর লক্ষ্য। ১০০, ২০০ ও ৪-১০০ মিটার রিলে—২০০৮ বেইজিং অলিম্পিকে তিন ইভেন্টেই সোনা জিতেছিলেন রেকর্ড গড়ে। ২০০৯ বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে গড়েন ৯.৫৮ ও ১৯.১৯ সেকেন্ডের নতুন বিশ্ব রেকর্ড। বেইজিংয়ের পারফরম্যান্স ছাপিয়ে বোল্ট লন্ডনে নিজেকে নিয়ে যেতে চান আরও উচ্চতায়, ‘অবশ্যই গত অলিম্পিকের চেয়ে ভালো করতে চাইব। আরও দ্রুত দৌড়াতে চাইব, চাইব আরও বেশি পদক জিততে, অন্তত সমান তো অবশ্যই। আমি সেখানে ১০০, ২০০ ও ৪-১০০ মিটার রিলেতে দৌড়াতে যাব এবং সম্ভাব্য সেরাটাই করতে চাইব। আমি আশাবাদী, এই অলিম্পিকে ওই রেকর্ড ভেঙে দিতে পারব। সেটা হবে অসাধারণ কৃতিত্ব। আমি সে চেষ্টাই করব।’যে লন্ডনকে ঘিরে স্বপ্নের ডালা সাজানো, সেই লন্ডনের একটা কীর্তিতে বোল্টের হতাশাও আছে। বায়ার্ন মিউনিখকে হারিয়ে লন্ডনের প্রথম ক্লাব হিসেবে চেলসি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতায় খুবই হতাশ বোল্ট। এমনিতে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রবল সমর্থক। তবে তাঁর ডাক্তার বায়ার্ন মিউনিখের সঙ্গেও কাজ করেন বলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সমর্থন করেছেন বায়ার্নকেই। ‘আমি মনে করি, বায়ার্ন অনেক সুযোগ পেয়েছে। কিন্তু আমার দল হেরে গেছে।’ ম্যাচের সারাংশও বলে দিলেন বোল্ট। এএফপি।