বোল্টের নতুন লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা দুটি অলিম্পিকের তিনটি ইভেন্টে সোনা ! বিশ্ব ক্রীড়ায় ইতিমধ্যেই জীবন্ত কিংবদন্তি হিসেবে স্বীকৃতিটা পেয়ে গেছেন উসাইন বোল্ট। তবে নিজেকে এর মধ্যে আটকে না রেখে স্বপ্নের দিগন্তকে আরও প্রসারিত করছেন এই জ্যামাইকান অ্যাথলেট। আগামী বিশ্ব অ্যাথলেটিক্সেও তিনি আরও তিনটি সোনাকে লক্ষ্য হিসেবে নিয়েছেন। এ বছরের আগস্টে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্ব অ্যাথলেটিক্সে তিনটি সোনা জিতলে বোল্টের কিংবদন্তি খ্যাতি নিয়ে প্রশ্ন তোলার আর লোকই খুঁজে পাওয়া যাবে না। শরীরটাকে ফিট রাখাই একজন ক্রীড়াবিদের সাফল্যের পূর্বশর্ত। বিশ্ব চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে শরীরটাকে ফিট রাখার লড়াইটা চালিয়ে যাচ্ছেন বোল্ট। এ মুহূর্তে শারীরিকভাবেও আছেন দারুণ অবস্থায়। আগস্ট পর্যন্ত এমন থাকতে পারলে বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে বলে আশা করছেন ১০০ ও ২০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ডধারী এই অ্যাথলেট। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বোল্ট বলেছেন, ‘মস্কোতে অনুষ্ঠেয় ২০১৩ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমার লক্ষ্য অলিম্পিকের সাফল্যটারই পুনরাবৃত্তি ঘটানো। আমি সেখানে তিনটি সোনাই জিততে চাই। এজন্য প্রয়োজনীয় যে প্রস্তুতি দরকার, সেটা ভালোভাবেই হচ্ছে। আমার এখন কোন ইনজুরি নেই। কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য আমি সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছি।’বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে নিজেকে যাচাই করে নেওয়ারও ভালো একটা সুযোগ পাবেন উসাইন বোল্ট। জুন মাসে অসলোতে অনুষ্ঠিতব্য বিসলেট গেমস ডায়মন্ড লিগে দৌড়াবেন এই জ্যামাইকান অ্যাথলেট। ২০১১ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটার ও ৪০০ মিটার রিলে দৌড়ে সোনা জিতেছিলেন বোল্ট। কিন্তু ফলস স্টার্টের কারণে বাদ পড়েছিলেন ১০০ মিটার দৌড় থেকে। সেবার সোনা জয়ের স্বাদ পেয়েছিলেন বোল্টেরই স্বদেশী ইয়োহান ব্লেক। তবে গতবছরের লন্ডন অলিম্পিকে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পেরেছেন বোল্ট। নতুন কোন রেকর্ড গড়তে না পারলেও ১০০, ২০০ ও ৪০০ মিটারের রিলে দৌড়ে সোনা জিতে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বের এই দ্রুততম মানব। এখন বিশ্ব চ্যাম্পিয়নশিপেও তিনি এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।— রয়টার্স