বোল্টের পতন!

উসাইন বোল্টের কাছে পাত্তাই পাচ্ছেন না কেউ। ট্র্যাকে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী জাস্টিন গ্যাটলিন গতকালও পারেননি বোল্টের সাম্রাজ্যে ভাগ বসাতে। তাই রিও অলিম্পিককে সামনে রেখে নতুন একজন কোচ রাখার কথা ভাবতেই পারেন গ্যাটলিন। চীনের এক ক্যামেরাম্যানকে আপাতত এ কাজে যোগ্য বলে মনে হচ্ছে। গত সাত বছর ধরে কোনো দৌড়বিদ যা করতে পারেননি, সেটিই করে দেখালেন ওই ক্যামেরাম্যান। ট্র্যাকে পতন ঘটিয়েছেন উসাইন বোল্টের। গ্যাটলিন তাই একটু টিপস নিয়ে নিতেই পারেন এই অজ্ঞাতকুলশীল ক্যামেরাম্যানের কাছ থেকে।
অবশেষে পতন হয়েছে বোল্টের। না, নিজের দৌড়ঝাঁপে কোনো অঘটন ঘটাননি তিনি। যা ঘটেছে, আক্ষরিক অর্থেই তা চিৎপটাং! গতকাল বিশ্ব অ্যাথলেটিকসের ২০০ মিটারের ফাইনালে গ্যাটলিনকে হারিয়ে টানা চতুর্থবারের মতো সোনা জিতে নিয়েছেন বোল্ট। সোনা জয়ের উদ্যাপন করতে গিয়েই বিপত্তি। বোল্টকে একটি চলন্ত ট্রলি নিয়ে অনুসরণ করছিলেন এক ক্যামেরাম্যান। হঠাৎ পাশের রেলিংয়ে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। আর ওই ট্রলিও গিয়ে ধাক্কা মারে বোল্টকে। ব্যস, প্রপাত ধরণিতল। বোল্ট অবশ্য দক্ষ অ্যাথলেটের মতোই সঙ্গে সঙ্গে একটা গড়ান দিয়ে উঠে দাঁড়ান। বিপদ কেটে যাওয়ার পর সবাই হাসিতে গড়িয়ে পড়েন। বোল্ট নিজেও যোগ দেন এতে। এ নিয়ে মজাও করে নিলেন একটু। বললেন, ‘আমি ঠিক আছি। সামান্য কিছু কাটা ছেঁড়া, এটি তেমন কিছু নয়। তবে আমার মনে হয় এর পেছনে গ্যাটলিনের হাত আছে। অন্তত আমি নিজে এই গুজবটাই ছড়াতে যাচ্ছি।’
গ্যাটলিন নিজেও এই মজায় যোগ দিলেন, ‘আমি টাকা ফেরত নিতে যাচ্ছি, ওঁ (ক্যামেরাম্যান) কাজটি ঠিকভাবে করতে পারেনি।’
গতকালকের ফাইনালে গ্যাটলিনকে যেভাবে অনায়াসে হারিয়েছেন বোল্ট, তাতে এ রকম ঠাট্টায় মাততেই পারেন দুজন। শেষ দিকে মোটামুটি আয়েশি ভঙ্গিতে দৌড়েও ১৯.৫৫ সেকেন্ডেই দৌড় শেষ করেছেন বোল্ট। প্রতিদ্বন্দ্বী গ্যাটলিনের সময় লেগেছে ১৯.৭৪ সেকেন্ড। সূত্র: দ্য গার্ডিয়ান