বোল্টের পর রোবলেস
একটা ১০ সেকেন্ড, আরেকটা ১৩ কি ১৪ সেকেন্ড। এর মধ্যেই যে কত নাটক হতে পারে, এবারের বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট ও ১১০ মিটার হার্ডলস দেখাল সেটাই। পরশু ফলস স্টার্ট করে বোল্টের ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া দেখেছে বিশ্ব। আর কাল দেখল সবার আগে দৌড় শেষ করেও রোবলেসের ডিসকোয়ালিফাই হওয়ার নাটক। লিউ শিয়াং, ডেরন রোবলেস ও ডেভিড অলিভার—সর্বকালের দ্রুততম তিন হার্ডলার ছিলেন এই ইভেন্টে। এ নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল সবার। সেটির শেষ হয়েছিল অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডের মালিক কিউবান রোবলেসের ‘সোনা জয়ে’। ১৩.১৪ সেকেন্ডে সবার আগে দৌড় শেষ করেন রোবলেস। ২০০৪ অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডের সাবেক মালিক চীনের লিউ শিয়াং তৃতীয় হন ১৩.২৭ সেকেন্ডে দৌড় শেষ করে। দ্বিতীয় যুক্তরাষ্ট্রের জ্যাসন রিচার্ডসন। অলিভার শেষ করেছেন পঞ্চম স্থানে। নাটকের শুরু আসলে এর পর। দৌড় শেষ, সোনা জয় উদ্যাপন করলেন রোবলেস; কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘোষিত হলো, রোবলেস আসলে ডিসকোয়ালিফায়েড। কারণ শেষ হার্ডলটি পার হওয়ার সময় লিউর বাঁ হাতের সঙ্গে তাঁর ডান পা লেগে গেছে। ওই ঘটনাতেই রোবলেসকে প্রায় ধরে ফেলা লিউ পেছনে পড়ে যান। দৌড় শেষ করেই লিউকে জড়িয়ে ধরেছিলেন রোবলেস। কিন্তু চীন ঠিকই আপত্তি তুলেছে এবং রোবলেস ডিসকোয়ালিফায়েড হয়ে গেছেন। দৌড় শেষে লিউয়ের সঙ্গে স্পর্শের ব্যাপারে তাৎ ক্ষণিক প্রতিক্রিয়ায় রোবলেস বলেছিলেন, ‘হার্ডলসে এমন হতেই পারে।’ লিউ সাংবাদিকদের বলেন, রোবলেসের সঙ্গে তাঁর দুবার লেগেছে, তবে এটা ইচ্ছাকৃত ছিল না। তবে সঙ্গে যোগ করে দেন, ‘ওই ঘটনা না ঘটলে আমিই সোনা জিততাম।’ শেষপর্যন্ত অবশ্য লিউ রূপা পেয়েছেন। রোবলেসের সোনা কেড়ে নিয়ে সেটি দিয়ে দেওয়া হয় দ্বিতীয় হওয়া রিচার্ডসনকে। ব্রোঞ্জ পান চতুর্থ হওয়া অ্যান্ডি টার্নার।১১০ মিটার হার্ডলসের এই নাটকের ঠিক আগেই হয়ে গেছে মেয়েদের ১০০ মিটার স্প্রিন্ট। দীর্ঘ অপেক্ষার পর বিশ্বসেরার মুকুট পড়েছেন যুক্তরাষ্ট্রের কার্মেলিটা জেটার। আগের দুটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতা জেটার উঠে গেছেন সপ্তম স্বর্গে, ‘আমার কাছে এটা অনেক বড় ব্যাপার। আমার কোচ আমাকে বলেছিলেন, একটা ভালো শুরু শুধু প্রয়োজন। আমি তা করতে পেরেছি।’ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জ্যামাইকান শেলি-অ্যান-ফ্রেজার পদক পাননি, তবে রুপা জিতেছেন আরেক জ্যামাইকান ভেরোনিকা ক্যাম্পবেল, ব্রোঞ্জ ত্রিনিদাদের কেলি-অ্যান ব্যাপ্টিস্টের। এএফপি।