বোল্টের পৃথিবীতে ফিরছেন গ্যাটলিন
২২ আগস্ট, ২০০৪; এথেন্স। এমনিতেই মহা আকর্ষণীয় ১০০ মিটার স্প্রিন্ট নিয়ে আগ্রহটা আরও বাড়িয়ে দিয়েছিল প্রতিযোগীদের নাম—মরিস গ্রিন, আসাফা পাওয়েল, শন ক্রফোর্ড, জাস্টিন গ্যাটলিন।নামগুলো হতাশ করেনি। পৃথিবীর মানুষ সেদিন দেখেছিল অলিম্পিক ইতিহাসের দ্রুততম দৌড়গুলোর একটি। ছয় প্রতিযোগী ১০ সেকেন্ডের কম সময়ে দৌড় শেষ করলেন; চারজন দৌড়ালেন ৯.৯০ সেকেন্ডের কম সময়ে। ‘ফটো ফিনিশ’ প্রযুক্তিতে ফলাফল আসার পর পৃথিবী জানল নতুন অলিম্পিক নায়কের নাম—যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন।হ্যাঁ, সেই গ্যাটলিন। অলিম্পিক সোনাজয়ী, বিশ্ব চ্যাম্পিয়নশিপের সোনাজয়ী এবং বিশ্ব রেকর্ড ছোঁয়া সেই গ্যাটলিন। সবকিছু ছাপিয়ে এক দিন যাঁর পরিচয় হয়ে গেল, মাদক গ্রহণের দায়ে নিষিদ্ধ হওয়া গ্যাটলিন! কিন্তু এত বছর পর সেই বিস্মৃত গ্যাটলিনের গল্প কেন!কারণ, গ্যাটলিন ফিরছেন। যে দুনিয়া রেখে গিয়েছিলেন, সেই দুনিয়া অনেক বদলে গেছে। এখন স্প্রিন্ট দুনিয়ায় রাজত্ব করছেন উসাইন বোল্ট নামের এক দুরন্ত তরুণ। চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এখন বোল্টের রাজত্বে ফেরার প্রস্তুতি নিচ্ছেন গ্যাটলিন। জর্জিয়ায় একা একা কঠোর অনুশীলন করছেন ফেরার জন্য। উদ্দেশ্য আরেকবার নিজের যোগ্যতাটা সবাইকে দেখিয়ে দেওয়া, ‘প্রায় আধা দশক পার হয়ে গেছে। আমার ভালোবাসা এটাই। আমাকে এই কাজই করতে হবে। আমার ভক্তদের, আমার বন্ধুদের নিজের সত্যিকার সামর্থ্যটা দেখানো বাকি রয়ে গেছে।’কাজটা ‘বাকি’ রয়ে গেছে গ্যাটলিনের নিজেরই দোষে। ২০০৪ অলিম্পিকে দুনিয়া জয় করলেন। ২০০৫ সালে হেলসিংকি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ও ২০০ মিটার সোনা জিতলেন। ২০০৬ সালের দোহায় ‘আইএএফ সুপার ট্যুর’-এ আসাফা পাওয়েলের ৯.৭৭ সেকেন্ডের বিশ্ব রেকর্ড ছুঁয়ে ফেললেন।ওই বছরই এপ্রিল মাসে নেওয়া ‘ডোপ টেস্টে’ মাদকপাপী বলে প্রমাণিত হলেন গ্যাটলিন। এথেন্স অলিম্পিকে সোনা জয়ের ঠিক দুই বছর পর, আরেক ২২ আগস্ট আট বছরের জন্য অ্যাথলেটিকসে নিষিদ্ধ হলেন যুক্তরাষ্ট্রের এই তারকা, ডিসেম্বরে যা কমে এল চার বছরে।সেই নিষেধাজ্ঞা অবশেষে শেষ হওয়ার পথে। সবকিছু ঠিকঠাক থাকলে আগস্টের ৩ তারিখ এস্তোনিয়ায় ছোট্ট একটা মিটে প্রত্যাবর্তন হবে গ্যাটলিনের। গ্যাটলিন নিজে ভালো করার ব্যাপারে আশাবাদী। সাবেক ফর্মের কথা মনে করে আশা তিনি করতেই পারেন। কিন্তু চার বছর সময় পার হয়ে গেছে এর মধ্যে। স্প্রিন্টের সংজ্ঞা বদলে দিয়েছেন বোল্ট। সবচেয়ে বড় কথা, গ্যাটলিনের শরীরে মরচে পড়ে গেছে না? না, ‘মরচে’ দেখতে পাচ্ছেন না। বরং এই চার বছরের ‘বিশ্রাম’ তাঁর ক্যারিয়ারকে লম্বা করে দেবে বলে বিশ্বাস গ্যাটলিনের।গ্যাটলিনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, ইউরোপিয়ান মিটে অংশ নেওয়ার সুযোগ করে নেওয়া। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মিটগুলোয় অংশ নিতে সমস্যা হবে না তাঁর। কিন্তু ইউরোপের বেশির ভাগ মিট আয়োজকেরা এরই মধ্যে ‘না’ করে দিয়েছে। ডোপপাপী অ্যাথলেটকে ট্র্যাকে নামিয়ে ভাবমূর্তি নষ্ট করতে চায় না তারা। এথেন্সে ১০০ মিটারে সোনা জয়ের রাতে গ্যাটলিনের বাবার পরনে টি-শার্টের বুকে লেখা ছিল: গ্যাটলিন—দৌড়ানোর জন্যই যাঁর জন্ম!’ সেই গ্যাটলিনকে এখন দৌড়ানোর সুযোগ পেতে লড়তে হয়!চার বছরে জাস্টিন গ্যাটলিন নিশ্চয়ই এটা শিখেছেন যে, বাঁকা পথে ‘নায়ক’ হওয়া যায় না। ওয়েবসাইট।