বোল্টের ভাবনায় লং জাম্প
গত সোমবার বলেছিলেন, স্প্রিন্ট ডাবলের সোনা ধরে রাখতে চান রিও ডি জেনিরোতেও। দুই দিন পার না হতেই মনে হলো, করা দরকার আরও কিছু। উসাইন বোল্ট এবার বলছেন আগামী অলিম্পিকে অংশ নিতে চান আরও একটি ইভেন্টে। সেটা হতে পারে ৪০০ মিটার স্প্রিন্ট বা লং জাম্প। জানালেন নিজের কিংবদন্তি মর্যাদাটাও উপভোগ করছেন দারুণ। ওয়েবসাইট।লং জাম্পে অংশ নেওয়ার আগ্রহের কথা আগেও জানিয়েছেন বোল্ট। সে সময় হইচই কম হয়নি। পরে বাতিল করে দেন পরিকল্পনা। কাল জানালেন, সেই ভাবনা আবার ঘুরঘুর করছে মাথায়, ‘নিজেকে সামনে এগিয়ে নিতে নতুন কিছু চেষ্টা করার দরকার। ৪০০ মিটারটা আমি সব সময়ই চেষ্টা করতে পারতাম, কিন্তু করিনি। আমার দুই ইভেন্টেই আরও দ্রুত দৌড়ানোর চেষ্টা করতে পারি। আরেকটা ইভেন্টে চেষ্টা করে দেখতে পারি, হতে পারে লং জাম্প বা ৪০০ মিটার। দেখা যাক...সিদ্ধান্ত নেব মৌসুমের শুরুতে।’লন্ডনে স্প্রিন্ট ডাবলে সোনা ধরে রাখতে পারায় তৃপ্ত গতিদানব, ‘কাঙ্ক্ষিত লক্ষ্যটা অর্জন করতে পারা দারুণ ব্যাপার। আমার জন্য এটা অনেক বড় গৌরব ও সম্মানের ব্যাপার। কিংবদন্তি হয়ে উঠতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দৌড়ের পর যখন বাড়ি ফিরি, নিভৃতে বসে সব ভাবি, পুরো ব্যাপারটাই আমার কাছে খুব আবেগময়। নিজের খেলাটায় কিংবদন্তি হতে পারা আমার কাছে বড় একটা মাইলফলক।’গত কিছুদিনে অবশ্য নিজের খেলার চেয়ে ক্রিকেট-ফুটবল নিয়ে বেশি আলোচনায় বোল্ট। ফুটবলপ্রীতির কথা জানিয়ে দিলেন কাল আরও একবার, ‘সব সময়ই বলে এসেছি আমি ফুটবল খেলার চেষ্টা করে দেখতে চাই। হয়তো ক্যারিয়ার শেষে...টিভিতে ফুটবলটা দেখতে আমার দারুণ লাগে। বন্ধুদের সঙ্গে আমি তো কতই খেলি ফুটবল। শৈশবে জ্যামাইকার হয়ে খেলেছি এবং ভালোও করেছি।’