বোল্টের মন্থরতম দৌড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব রেকর্ডটা আবারও ভাঙবে, এ গ্রীষ্মেই। খোদ উসাইন বোল্টেরই ভবিষ্যদ্বাণী এটি। কিন্তু পরশু চেক প্রজাতন্ত্রের অস্ত্রাভায় হলো ঠিক উল্টোটা। বোল্ট সিনিয়র ক্যারিয়ারের মন্থরতম ১০০ মিটার দৌড়ালেন ওই দিনই। শুক্রবার রাতে মেসতিস্ক স্টেডিয়ামে জিতলেও তাই মাথায় হাত উঠল তিনটি বিশ্ব রেকর্ডের মালিকের। জোরালো বাতাসের বিপক্ষে দৌড়ে ১০.০৪ সেকেন্ড সময় লেগেছে। এর আগে ২০০৯ সালে কানাডার টরন্টোয় সর্বশেষ ১০ সেকেন্ডের বেশি সময়ে দৌড়ে ছিলেন এই জ্যামাইকান। সেদিন অবশ্য দৌড়াতে হয়েছিল ভারী বৃষ্টির মধ্যে।ব্লক থেকে বেরোতে কিছুটা সময় নেওয়া ২৫ বছর বয়সী বোল্ট অবশ্য কোনো অজুহাত দেখাননি, ‘অনুশীলন ট্র্যাকে আমার বেশ কয়েকটা ভালো সূচনা ছিল। তাই কী হয়েছে (ফাইনালে), তার কোনো ব্যাখ্যা নেই।’বোল্টের পেছনে থেকে দ্বিতীয় হয়েছেন সেন্ট কিটস ও নেভিসের কিম কলিন্স (১০.১৯) এবং তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের ডারভিস প্যাটন (১০.২২)। এক প্রতিযোগীর ফলস স্টার্টের কারণে দ্বিতীয়বার দৌড়াতে হয়েছে বোল্টদের। এটাকেও অজুহাত করেননি বোল্ট, ‘ফলস স্টার্ট কোনো প্রভাব ফেলেনি, ওটা কোনো অজুহাত নয়। আমাকে ড্রইং বোর্ডে ফিরে গিয়ে কোচের সঙ্গে কথা বলতে হবে। এটা শুধুই একটা বাজে দিন। এটাকে ভুলে গিয়ে আমাকে পরেরটায় মনোযোগ দিতে হবে।’এ মাসেই কিংস্টনে মৌসুমের সেরা সময়ে (৯.৮২) ১০০ মিটার জিতেছিলেন বোল্ট। পরশুর দৌড় দেখে তাঁর প্রতিদ্বন্দ্বীরা আশান্বিত হবেন কি না, এমন প্রশ্নও উড়িয়ে দিলেন অলিম্পিককেই ধ্যানজ্ঞান করা এই স্প্রিন্টার, ‘আমি জানি না, আমার প্রতিদ্বন্দ্বীরা এটা নিয়ে কী ভাবছে। তবে আমার কাছে অলিম্পিকই সব। একটি-দুটি দৌড়ে হারাটা কোনো ব্যাপার নয়। অলিম্পিকে নিজের সেরাটা করাই আসল কথা।’ ওয়েবসাইট।