বোল্টের রেকর্ড-বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিক ক্রমেই ঘনিয়ে আসছে, উসাইন বোল্টকে নিয়ে উত্তেজনার পারদটাও তরতর করে উঁচুতে চড়ছে। ২৭ জুলাই থেকে ১২ আগস্ট ব্যাপী এই টুর্নামেন্টে কিছু একটা করে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন বোল্ট। ইতিহাসের দ্রুততম মানব এবার ৯.৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ানোর স্বপ্ন দেখছেন। কিন্তু তাঁর কোচ গ্লেন মিলস বলছেন, ১০০ মিটারে বোল্টের রেকর্ড গড়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে লন্ডনের আবহাওয়া।তিন বছর আগে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে করেছেন বিশ্ব রেকর্ড। মিলস মনে করছেন লন্ডনের ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় আরও ভালো করাটা কঠিন হবে, ‘আমি নিশ্চিত নই লন্ডনের তাপমাত্রাটা অনুকূল থাকবে কিনা।’ বোল্টের পক্ষে ৯.৪ সেকেন্ডে দৌড়ানো সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে মিলসের জবাব, ‘আবহাওয়াটা বার্লিনের মতো ঠিকঠাক থাকলে এটা সম্ভব। সে খুবই ভালো অবস্থায় আছে এবং অনুশীলনেও খুব ভালো করছে।’ তবে রেকর্ড নয়, মিলসের দাবি লন্ডনে শিরোপা ধরে রাখার দিকেই মনোযোগী বোল্ট, ‘বিশ্ব রেকর্ড হলে সেটা হবে বোনাস।’ চার বছর আগে বেইজিং অলিম্পিকে ১০০, ২০০ ও ৪–১০০ মিটার রিলে, এই তিনটি ইভেন্টে দৌড়ে ছিলেন বোল্ট। লন্ডনে এই তিন ইভেন্টের সঙ্গে ৪–৪০০ মিটার রিলেতেও বোল্ট অংশ নিতে পারেন বলে শোনা যাচ্ছে। কিন্তু কোচ বলছেন, বোল্ট বেইজিংয়ের চেয়ে বেশি ইভেন্টে অংশ নিচ্ছেন না, ‘কিন্তু অলিম্পিকের যে সূচি ঠিক হয়ে গেছে তাতে তার পক্ষে সত্যিই সম্ভব নয়। এটা সে পছন্দই করত। কারণ সে রিলেতে দারুণ দৌড়ায়।’কোচ মিলসের কথাতেই স্পষ্ট, ইচ্ছে হয়তো বোল্টেরও ছিল। কিন্তু অলিম্পিক ও বিশ্ব রেকর্ডের মালিকের ইচ্ছা পূরণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সূচি। ৪–৪০০ মিটার রিলের প্রথম রাউন্ড ৯ আগস্ট, ওই একই দিন ২০০ মিটারের ফাইনাল। পরের দিনই ৪–৪০০ মিটার রিলের ফাইনাল ও ৪–১০০ মিটারের প্রথম রাউন্ড। রয়টার্স।