বোল্টের শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বায়ার্ন মিউনিখের বুন্দেসলিগা জয়ের আনন্দে খানিক বাড়তি রং লাগতে পারে। মিউনিখের ক্লাবকে যে অভিনন্দন জানিয়েছেন সর্বকালের দ্রুততম মানব উসাইন বোল্ট! উসাইন বোল্ট আদপে ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থক। কিন্তু বায়ার্নকে এমন চটজলদি শুভেচ্ছা জানানোর কারণ কী? এই দলটির সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ চিকিৎসকের সূত্রে। মিউনিখের চিকিৎসক হ্যান্স-উইলহেলম মুলার-উলফার্টের কাছে চিকিৎসা করাতে মিউনিখে বেশ কয়েকবারই গেছেন। এই চিকিৎসক বায়ার্ন ও জার্মানি ফুটবল দলের সঙ্গেও কাজ করেন। আর তিনি সাহায্য না করলে লন্ডন অলিম্পিকে খেলাই তো হতো না ‘বজ্রমানবে’র। লন্ডনে ১০০ মিটার জেতার পর তাই আলাদা করে চিকিৎসক মুলার-উলফার্টকে আলাদা করে ধন্যবাদও জানান। শুভকামনা জানিয়েছেন জার্মান দৈনিক বিল্ড-এর মাধ্যমে, ‘এই মৌসুমে বায়ার্ন দারুণ খেলেছে। এমন অগ্রগামিতা নিয়ে এত তাড়াতাড়ি এত শক্তিশালী একটা লিগে জেতাটা আসলেই অসাধারণ। প্রথমেই ধন্যবাদ জানাব বাস্তি (শোয়েনস্টাইগার) ও দলকে। তারা, কোচসহ দুর্দান্ত করেছে।’মিউনিখে এলেই শোয়েনস্টাইগার ও রিবেরিসহ বায়ার্নের কয়েক তারকার সঙ্গে দেখা হয়। ১০০ ও ২০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ডধারী জ্যামাইকান অবসরের পর ফুটবল খেলবেন বলে ঘোষণা দিয়ে রেখেছেন। ‘যখন মিউনিখে আসি, বাস্তি শোয়েনস্টাইগারের সঙ্গ পেতে আমার ভালো লাগে’—বলেছেন বোল্ট। এএফপি।