বোল্টের সঙ্গে ক্রিকেট খেলবেন ব্লেকও!
কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ক্রিকেট খেলার প্রতি আগ্রহ প্রকাশ করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরেই অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা ‘বিগ ব্যাশ’ লিগে মেলবোর্ন স্টার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে দেখা যাবে জ্যামাইকান এই অ্যাথলেটকে। তবে শুধু বোল্টকে একা নয়, তাঁর অনুশীলন-সঙ্গী ইয়োহান ব্লেককেও বিগ ব্যাশ লিগে দেখা যেতে পারে।সিডনি ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, ইয়োহান ব্লেককে পেতে আগ্রহী সিডনি সিক্সার্স। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে নাকি খেলতে আগ্রহী সদ্য সমাপ্ত লন্ডন অলিম্পিকে ১০০ ও ২০০ মিটার স্প্রিন্টে রুপাজয়ী ব্লেকও।জ্যামাইকায় ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ব্লেকের। তিনি মূলত ফাস্ট বোলার। ব্লেক নিজেই দাবি করেছেন, ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করতে পারেন তিনি! ব্লেকের প্রতি আগ্রহ প্রকাশ করে সিক্সার্সের প্রধান নির্বাহী স্টুয়ার্ট ক্লার্ক বলেন, ‘একটা বিষয়, ও বড় মাপের একজন অ্যাথলেট। বাজারে ওর প্রচুর চাহিদা রয়েছে। সবচেয়ে বড় কথা হলো, ব্লেক ক্রিকেট খেলতে পারে। অন্যরা যা পারে, তার চেয়েও বেশি। ও যেটা করতে পারে বলছে, সেটা সত্যি হলে ওকে না নেওয়ার কোনো কারণ নেই।’ক্লার্ক বলেন, ‘ওর বোলিংয়ের কিছু ফুটেজ দরকার আমাদের। ব্লেক বলছে ও ঘণ্টায় ৯০ মাইল বেগে বল করতে পারে। বিশ্বের খুব কম বোলারই এই গতিতে বল করতে পারে। উসাইন বোল্টও বড় অ্যাথলেট, ভালো বিনোদন দিতে পারে। কিন্তু আমি যত দূর জানি, বোল্ট ব্লেকের মতো ততটা ভালো ক্রিকেটার নয়।’চলতি সপ্তাহের শুরুতে বিশ্বের বিভিন্ন গণমাধ্যম খবর প্রচার করে, বিগ ব্যাশ লিগে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বোল্ট। তাঁর প্রতি নাকি প্রবল আগ্রহ রয়েছে মেলবোর্ন স্টার্সের। অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনকে দেওয়া সাক্ষাত্কারে লন্ডনে তিনটি সোনাজয়ী বোল্ট বলেন, ‘শেন ওয়ার্ন আমার সঙ্গে যোগাযোগ করেছিল। জানতে চেয়েছিল, আমি সত্যি খেলতে আগ্রহী কি না।’বিগ ব্যাশে খেলার আগ্রহ প্রকাশ করে বোল্ট বলেন, ‘সময় পেলে অবশ্যই চেষ্টা করব। টি-টোয়েন্টি আমার ভালো লাগে। এটা খুবই উত্তেজনাকর। সব সময় শুধু শট খেলা নয়, আক্রমণাত্মক হয়ে খেলতে হয়। ব্যাটিংয়ের এই ধরনটা খুবই ভালো লাগে আমার। সুযোগ পেলে অবশ্যই চেষ্টা করব। কারণ আমি জানি, এটা খুবই মজার হবে। জানি না, কতটা ভালো করতে পারব। সম্ভবত প্রচুর অনুশীলন করতে হবে আমাকে।’অনুশীলন-সঙ্গী ইয়োহান ব্লেকের সঙ্গে নাকি ক্রিকেট নিয়ে খুব প্রতিদ্বন্দ্বিতা হয় বোল্টের। অলিম্পিকে ২০০ মিটারের সোনা জয়ের পর সংবাদ সম্মেলনে বোল্টের কাছে জানতে চাওয়া হয়েছিল, আইপিএলে সুযোগ পেলে তিনি খেলবেন কি না। জবাবে ২৫ বছর বয়সী বোল্ট বলেন, ‘আমি ক্রিকেট পছন্দ করি। ইয়োহানের মতো অতটা হয়তো নয়, তবে ক্রিকেট আমারও খুব পছন্দের খেলা। আইপিএলও আমি দেখেছি। আইপিএলে খেলার কথা বলছেন? কেন নয়, আমি প্রস্তুত। আরে, আইপিএলের বড় যে তারকা ক্রিস গেইল, ওকে আমি আউট করেছি না!’এ পর্যায়ে বাংলাদেশের এক সাংবাদিক মনে করিয়ে দেন, গেইলকে বোল্ট ছক্কাও মেরেছেন। শুনে বোল্ট বলেন, ‘হ্যাঁ, হ্যাঁ, ওকে ছক্কাও মেরেছি।’