বোল্টের সীমা জানা নেই জনসনের
গতি দিয়ে বিশ্বকে বিস্মিত করেছেন অনেকবার। তবে আরও অনেক বিস্ময় উপহার দেওয়ার ক্ষমতাও নাকি আছে উসাইন বোল্টের! ২০০ ও ৪০০ মিটারের কিংবদন্তি অ্যাথলেট মাইকেল জনসনের ধারণা, আরও দ্রুত দৌড়ানোর সামর্থ্য আছে বোল্টের।যখন ট্র্যাকে ছিলেন, জনসন নিজেও বিস্ময় কম উপহার দেননি। ১৯৯৬ আটলান্টা অলিম্পিকের ট্রায়ালে ভেঙে দিয়েছিলেন ২০০ মিটার স্প্রিন্টের ১৭ বছরের পুরোনো বিশ্বরেকর্ড। অলিম্পিকে গিয়ে সেই রেকর্ড আবার ভেঙেছিলেন নিজেই। কিন্তু বোল্ট ছাড়িয়ে গেছেন জনসনকেও। জনসনের ১৯.৩২ সেকেন্ডের রেকর্ড বোল্ট বেইজিং অলিম্পিকে নামিয়ে আনলেন ১৯.৩০ সেকেন্ডে, বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ডে। গড়লেন একই সঙ্গে ১০০ ও ২০০ মিটারের অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রথম কীর্তিটাও।এসব দেখেই জনসনের বিশ্বাস, বোল্টের সামর্থ্যের সীমা কল্পনা করাও দুঃসাধ্য, ‘সে এখনো অনেক তরুণ, এখনো উন্নতির অনেক সময়-সুযোগ আছে। এখনই এত দ্রুত দৌড়ায়, তার মতো এমন একজনের জন্য ব্যাপারটা অদ্ভুত মনে হতে পারে। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, বোল্ট সামর্থ্যের সীমার পরীক্ষা নিচ্ছে। মানুষের সামর্থ্যের সীমা নিয়ে সবাইকে ভাবতে বাধ্য করছে, এটাই তো দারুণ রোমাঞ্চকর।’৪০০ মিটারের রেকর্ডটা এখনো জনসনের। ১৯৯৯ সেভিয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪৩.১৮ সেকেন্ডের সেই রেকর্ডও বোল্ট ভেঙে দিতে পারেন বলে ধারণা তাঁর, ‘ও বলেছে, ৪০০ মিটারের জন্য যে ট্রেনিংটা করতে হয়, তা করতে চায় না। কিন্তু আমার ধারণা, চাইলে সে এই রেকর্ডটাও ভাঙতে পারে।’ রয়টার্স।